আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১৯ মার্চ:
জগদ্দলে বিজেপি প্রার্থী অরিন্দম ভট্টাচার্য্যকে পছন্দ নয় দলীয় কর্মীদের। তাই বৃহস্পতিবার ব্যারাকপুর– কল্যাণী এক্সপ্রেসওয়ের বাসুদেবপুর মোড়ে বিজেপির বিভিন্ন নেতাদের কাট আউট আগুন দিয়ে জ্বালিয়ে বিক্ষোভ দেখাল দলীয় কর্মীরা। দীর্ঘক্ষণ ধরে শ্যামনগরের বাসুদেবপুর মোড়ে বিজেপি কর্মীদের বিক্ষোভ চলে। এমন কি পার্টি অফিস থেকে কাটআউট বের করে পুড়িয়ে দেয়।

জগদ্দল বিধানসভা এলাকার বিজেপি কর্মীরা স্থানীয় নেতা অরুণ ব্রহ্মকে বিজেপি প্রার্থী হিসেবে চেয়েছিল। দলীয় নেতৃত্বের কাছে সেই আবেদনও জানিয়েছিল তারা। তবে দল কর্মীদের কথা শোনেনি। বিজেপি শীর্ষ নেতৃত্ব নদীয়ার শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য্যকে জগদ্দল বিধানসভা এলাকার প্রার্থী হিসেবে টিকিট দেয়, তাতেই ক্ষিপ্ত দলীয় কর্মীরা বেশ কিছুক্ষণ ব্যারাকপুর–কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ করে রাখে। পরে জগদ্দল থানার পুলিশ এসে অবরোধকারী বিজেপি কর্মীদের হটিয়ে দেয়। ক্ষুব্ধ জগদ্দলের বিজেপি কর্মীরা প্রার্থী বদলের দাবি জানিয়েছেন শীর্ষ নেতাদের কাছে।


