কেশপুরে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বাস আটকে বিজেপি কর্মীদের মারধর, আহত ১৭, নিখোঁজ ৪

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ মার্চ:
যোগী আদিত্যনাথের সভা থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের মারধর। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে, বাস আটকে বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে। ঘটনায় ১৭জন বিজেপি কর্মী আহত, চারজন নিখোঁজ। অভিযোগের তীর তৃণমূলের কংগ্রেসের দিকে।

বৃহস্পতিবার চন্দ্রকোনার মল্লেশ্বরপুরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর নির্বাচনী জনসভা ছিল। চন্দ্রকোনা বিধানসভার বিজেপি প্রার্থী শিবরাম দাসের সমর্থনে সেই নির্বাচনী সভা থেকে ফেরার পথে আক্রান্ত হন বিজেপি কর্মীরা। আক্রান্ত বিজেপি কর্মীরা জানান, তাঁরা বাসে করে যোগী আদিত্যনাথের সভা থেকে ফিরছিলেন। চেঞ্চুরার কাছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কাঠের গুঁড়ি রাস্তায় ফেলে বাস আটকায়। এরপর বাস থেকে বিজেপি কর্মীদের নামিয়ে ব্যাপক মারধর করে তৃণমূলের লোকজন। ১৭ জন বিজেপি কর্মী জখম হন এবং চারজন বিজেপি কর্মী নিখোঁজ।

কেশপুর থানার ভগবানচকে ঘটনাটি ঘটায় বিজেপি নেতৃত্ব কেশপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। চন্দ্রকোনা বিধানসভার বিজেপি প্রার্থী শিবরাম দাস বলেন, বিধানসভা নির্বাচনে তৃণমূল জিততে পারবে না জেনে সন্ত্রাসের রাস্তা নিয়েছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছি এবং নির্বাচন কমিশনে আমরা এই ঘটনা জানাবো। মারের চোটে জখম বিজেপি কর্মীদের চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল এবং নাড়াজোল স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *