আমাদের ভারত, আরামবাগ, ১৭ এপ্রিল: ভোট পরবর্তী হিংসা অব্যাহত। প্রকাশ্যে দিবালোকে এক বিজেপি আইটি সেলের কর্মীকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। আহত ওই বিজেপি কর্মীকে প্রথমে গোঘাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় আরামবাগ মহকুমা হাসপাতালে। ঘটনাটি ঘটেছে হুগলীর গোঘাটের ভাদুর অঞ্চলের পোড়া বাগান এলাকায়। এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি।
গুলিবিদ্ধ ওই বিজেপি কর্মীর নাম শুভময় কুন্ডু (৩৬)। বাড়ি গোঘাট থানার নবাসন এলাকায়। শনিবার বেলা তিনটে নাগাদ মোটর সাইকেলে করে তিন বিজেপি কর্মী ভাদুর দিকে যাচ্ছিলেন। সেই সময়ই ভাদুর পোড়া বাগানের কাছে তিনজনকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লাগে বিজেপি আইটি সেলের কর্মী শুভময় কুন্ডুর বাঁ পায়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় গোঘাট প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে আরামবাগ মহকুমা হাসপাতলে স্থানান্তরিত করা হয়। শুভময় কুন্ডুর অভিযোগ, তৃণমূল আশ্রিত
দুষ্কৃতিরা এই ঘটনার সাথে যুক্ত। খবর পেয়ে আরামবাগ মহকুমা হাসপাতালে ছুটে আসেন গোঘাট বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশ্বনাথ কারক।
বিশ্বনাথ কারক বলেন, তৃণমূল দুষ্কৃতিরা এটা ঘটিয়েছে। ভোট মিটে গেলেও তারা বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা চালাচ্ছে। গত ৬ তারিখ শান্তি পূর্ণ ভাবে ভোট হয়েছে। তাতে সাধারণ মানুষ ভোট দিয়েছে বিজেপিকে। আর তৃণমূল ভোটের আগে যে, খেলা হবে খেলা হবে বলছিল সেই খেলা বন্ধ হয়ে গেছে। তাই ভোটের পরেও হামলা চালাচ্ছে তারা।

