স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৯ মার্চ:
জয় শ্রীরাম বলায় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। নদিয়ার কৃষ্ণনগরের ঘটনা। এর প্রতিবাদে বিজেপি কর্মী সমর্থকরা রাস্তা অবরোধ করে। তাদের বক্তব্য, পশ্চিমবঙ্গে কি জয় শ্রীরাম বলা যাবে না? আমরা পাকিস্তানে না বাংলাদেশে বাস করছি যে জয় শ্রীরাম বলা যাবে না?
জানাগেছে, গতকাল কৃষ্ণনগরের বাগানপাড়ায় ১৬ নম্বর ওয়ার্ডে দোলের উৎসবে কিছু বিজেপি কর্মী জয় শ্রীরাম ধ্বনি তুলে নাচ গান করছিল। অভিযোগ, সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী সুরজ সেখ, রানা শেখ, কালু শেখ সহ প্রায় ১১ জন বিজেপি কর্মীদের ওপর লোহার রড, দা, শাবল নিয়ে ঝাঁপিয়ে পড়ে। মারধরে গুরুতর চোট পায় সুদন মাঝি, রতন মাঝি, কার্তিক মাঝি ও সঞ্জয় মাঝি। এদের প্রত্যেককেই আশঙ্কাজনক অবস্থায় কৃষ্ণনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই বাগান পাড়ার বিজেপি কর্মীদের হুমকি দেওয়া হচ্ছিল বিজেপি করার জন্য এবং তাদের বলা হচ্ছিল বিজেপি ছেড়ে তৃণমূল করতে, দাবি বিজেপির। অভিযোগ, গতকাল যখন দোলের উৎসবে তাঁরা জয় শ্রীরাম ধ্বনি তুলে ঠাকুরের সামনে নাচছিল তখন সেই স্লোগান শুনে তাদের ওপর আক্রমণ চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আক্রমণের ফলে ৪ জন গুরুতর আহত হয়। এই ঘটনায় বিজেপি কর্মী সুরোজ শেখ, রানা শেখ সহ ১১ জনের নামে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে। আজ এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিজেপি।

কৃষ্ণনগর উত্তরের যুব মোর্চার সভাপতি সৈকত দাস বলেন, আমরা পাকিস্তানে বাস করছি না বাংলাদেশে যে জয় শ্রীরাম বলা যাবে না? তাহলে কি এবার জয় মমতা বন্দ্যোপাধ্যায়, জয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে হবে পশ্চিমবঙ্গের মানুষকে? আজ যেসব দুষ্কৃতীরা তৃণমূলের ছত্রছায়ায় থেকে চমকাচ্ছেন, ধমকাচ্ছেন তাদের যেন ২ মে’র পর বাংলাদেশে না পালাতে হয়। কৃষ্ণনগর শ্রীচৈতন্যের পূণ্যভূমি। বিজেপি কর্মীদের বেছে বেছে পাতাল থেকে খুঁজে নিয়ে মিথ্যা কেস দেওয়া হচ্ছে, আর বিশেষ সম্প্রদায়ের লোকদের ভুরি ভুরি কেস থাকা সত্ত্বেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম চলতে দেওয়া যায় না। মমতাজ বেগমের রাজত্ব চলছে এটা। ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের লকআপ করতে হবে। যতক্ষণ না আসামিদের পুলিশ গ্রেপ্তার করবে ততক্ষণ অবরোধ চলবে। কৃষ্ণনগরের সাধারণ মানুষ তাই আজ স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে এসেছে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হতে আমাদের সঙ্গে।


