বনগাঁয় বিজেপির পার্টি অফিসে ঢুকে কর্মীদের মারধর ও ভাঙ্গচুর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, প্রতিবাদে পথ অবরোধ

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২২ ফেব্রুয়ারি: বিজেপির পার্টি অফিসে ঢুকে কর্মীদের মারধর করে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার গোবরাপুর এলাকায়। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সোমবার বেলা একটা নাগাদ বনগাঁ-বাগদা রোড অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা। প্রায় দেড় ঘন্টা অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা।

বিজেপি কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকার বিজেপি কর্মী সমর্থকদের দেখলেই গালিগালাজ করছে। প্রতিবাদ করলে তাদের একা পেয়ে মারধর করছে বলে অভিযোগ। এমনকি নতুন সমর্থকদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ভয় দেখাছে বলে। এদিন রাতে ভারতীয় জনতা পার্টির অফিসে বসে কিছু কর্মী কাজ করছিল। কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী অফিসে ঢুকে কর্মীদের মারধর করে তাণ্ডব চালায়। বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সহ-সভাপতি অমৃত লাল বিশ্বাস বলেন, বারবার বনগাঁ থানায় লিখিত অভিযোগ করেও ওই দুষ্কৃতীদের গ্রেফতার করছে না পুলিশ। তাই অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ। যতক্ষণ না গ্রেফতার হচ্ছে ততক্ষণ অবরোধ চলবে।

অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পঞ্চায়েতের প্রধান পীযূষ বিট বলেন, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। যাদের নামে অভিযোগ তারা কেউ তৃণমূল করে না। এই ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *