আমাদের ভারত, আরামবাগ, ২৬ মার্চ: দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে বিজেপির ৫ কর্মীর উপর হামলা চালালো তৃণমূল।এমনই অভিযোগ বিজেপির পক্ষ থেকে। আরামবাগের কেশবপুর এলাকায় বিজেপি কর্মীরা তাদের দলীয় পতাকা লাগাচ্ছিলেন সেই সময় বেশকিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ। পাঁচজন বিজেপি কর্মীর মধ্যে তিনজন গুরুতর আহত হলে তাদের আরামবাগ মহকুমা হাসপাতলে নিয়ে যাওয়া হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত বিজেপি কর্মীরা পতাকা ও ফেস্টুন বাঁধছিলেন সেই সময় হামলা চলে। তাদের রড দিয়ে মারধর করা হয়।
তবে মারধরের ঘটনা অস্বীকার করা হয় তৃণমূলের পক্ষ থেকে। ঘটনায় বিজেপির পক্ষ থেকে আরামবাগ থানায় অভিযোগ করা হয় কয়েকজন তৃণমূল কর্মীর নামে।

