স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৭ মে:
এক তৃণমূল কর্মীকে মারধরের ঘটনায় গ্রেপ্তার সদ্য বিজেপিতে যোগ দেওয়া তৃণমূল কাউন্সিলর অসীম অধিকারী। যদিও এই ঘটনায় তিনিও আহত হন এবং তাকেও হাসপাতালে ভর্তি করা হয়। রায়গঞ্জে গর্ভমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বের হওয়ার সময় অসীমবাবুকে গ্রেপ্তার করেন রায়গঞ্জ থানার পুলিশ। তৃণমূল কংগ্রেসের কর্মী অভিজিৎ সরকারের অভিযোগের ভিত্তিতে এদিন সন্ধ্যায় অসীম অধিকারীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
উল্লেখ্য, রায়গঞ্জ থানার ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তৃণমূল কংগ্রেস কর্মী অভিজিৎ সরকারকে রিভলবারের বাঁট দিয়ে আঘাত করে বেধরক মারধর করে প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগ ওঠে স্থানীয় কাউন্সিলর অসীম অধিকারীর বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। শুক্রবার সকালে কলেজপাড়ায় বাজার যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন স্থানীয় তৃণমূল কর্মী অভিজিৎ সরকার। অভিযোগ, সদ্য বিজেপিতে যোগ দেওয়া রায়গঞ্জ পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের বহিস্কৃত তৃণমূল কাউন্সিলর অসীম অধিকারীর নেতৃত্বে বিজেপি আশ্রিত দুস্কৃতীরা আচমকা তৃণমূল কর্মী অভিজিতের উপরে হামলা চালায় বলে অভিযোগ। বিজেপি নেতা অসীম অধিকারী নিজে রিভলবারের বাঁট দিয়ে অভিজিতের মুখে চোখে আঘাত করে। তাঁকে গুলি করে প্রাণে মেরে ফেলার চেষ্টা করতেই স্থানীয় বাসিন্দারা ছুটে আসলে বিজেপি নেতা অসীম অধিকারী সহ বিজেপি আশ্রিত দুস্কৃতীরা পালিয়ে যায় বলে জানা গেছে। এই ঘটনার পরে আহত ওই তৃণমূল কর্মী অভিজিৎ সরকার রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে অসীম অধিকারীর বিরুদ্ধে। যদিও এই ঘটনায় আহত হন অসীম অধিকারী। সন্ধ্যায় অসীম অধিকারী রায়গঞ্জ গর্ভমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বের হওয়ার সময় রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত আইসি দীপঙ্কর বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে তাকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানায় নিয়ে আসে।
অসীম অধিকারীর গ্রেপ্তারের পরিপেক্ষিতে বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার জানিয়েছেন, ইটাহার থেকে এসে আমি হাসপাতালে গিয়ে অসীমবাবুকে দেখতে যাই। যে মার খেয়েছে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে আমি আমাদের লিগাল সেলকে থানায় পাঠিয়েছি তারা এসে আমাকে রিপোর্টটা দিলে আগামীদিনে কি ধরনের আন্দোলন করা হবে তা জানিয়ে দেওয়া হবে বলে জানান জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার।

