আমাদের ভারত, ২ মার্চ: গত মাসেই গুজরাটে ৬টি বড় শহরের কর্পোরেশন ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই জয়লাভ করেছিল বিজেপি। এবার গুজরাটের ছোট শহরের পৌরসভা ও দ্বিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনেও নিজেদের জয়ের ধারা বজায় রাখল বিজেপি। তবে গণনার প্রবণতা বলছে গ্রাম এলাকার বহু আসনেই বিজেপিকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলেছে কংগ্রেস। এবার গুজরাটের পুরো ও পঞ্চায়েত ভোটে প্রথমবার প্রার্থী দিয়ে কয়টি আসনে জিতেছে আরবিন কেজরিওয়াল এর আম আদমি পার্টিও। আসাদউদ্দিন ওয়েসি দল মিম কিছু আসনে সংখ্যালঘু ভোট কেটে কংগ্রেসকে হারালেও সামগ্রিকভাবে তেমন দাগ কাটতে পারেনি বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।
রবিবার গুজরাটের ৮১টি পুরসভা ৩১টি জেলা পরিষদ ও ২৩১টি পঞ্চায়েত সমিতিতে ভোট হয়েছিল। দুপুর পর্যন্ত ঘোষিত হওয়ার ফলাফল এবং প্রবণতা বলছে ৬৭টি পুরসভার ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি। কংগ্রেস ৭টি নির্দল প্রার্থীরা একটি পৌরসভায় ক্ষমতায় আসছে।
এদিকে ৩১ টি জেলা পরিষদের মধ্যে কমপক্ষে ১২ টিতে পদ্মশিবির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে। আর ২৩১ টি পঞ্চায়েত সমিতির মধ্যে ১৮৫ টিতে বিজেপি এবং ৩৪ টি তে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে বলে ইঙ্গিত মিলেছে গণনার প্রবণতা থেকে।

