আগামী কয়েক দশক ভারতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকতে চলেছে বিজেপি, মন্তব্য ভোট কৌশলী প্রশান্ত কিশোরের

আমাদের ভারত, ২৮ অক্টোবর: আগামী কয়েক দশক ভারতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকতে চলেছে বিজেপি। একইসঙ্গে রাহুল গান্ধীকেই কংগ্রেসের সমস্যার কারণ বলে চিহ্নিত করেছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর।

বুধবার গোয়ায় নেট মাধ্যমে একটি প্রশ্ন উত্তর মূলক অনুষ্ঠানে পিকের করা বড়সড় পূর্বাভাস ঘিরে রাজনৈতিক মহলে হইচই শুরু হয়ে গেছে। মাস কয়েক আগে জল্পনা ছিল প্রশান্ত কিশোর কংগ্রেসের যোগ দিতে চলেছেন। এতদুরও শোনা গিয়েছিল যে কংগ্রেসে তাঁর জন্য একটি বিশেষ পদ তৈরি হতে পারে। কিন্তু রাজনৈতিক মহলে গুঞ্জন সেই আলোচনা এখন ভেস্তে গেছে। এই পরিস্থিতিতে নেট মাধ্যমের ওই প্রশ্নোত্তর পর্বে তাঁর মন্তব্য, “জিতুক বা হারুক আগামী কয়েক দশক বিজেপি ভারতীয় রাজনীতির কেন্দ্রে থাকবে। ঠিক যেমন স্বাধীনতা পরবর্তী ৪০ বছর ছিল কংগ্রেস। ভারতে একবার ৩০ শতাংশের বেশি ভোট পেয়ে গেলে দ্রুত প্রস্থানের সম্ভাবনা নেই।” প্রসঙ্গত উল্লেখ্য ২০১৯ এর লোকসভা ভোটে দেশজুড়ে বিজেপি ৩৭ শতাংশের বেশি ভোট পেয়েছিল।

প্রশান্ত কিশোর বলেন, “দেশের কিছু মানুষ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠছে। এবার মোদীকে ফেলে দিতে পারে মানুষ কিন্তু তার পরেও বিজেপি কোথাও যাচ্ছে না। তারা এখানেই থাকবে এবং পরবর্তী কয়েক দশক ধরে লড়াই চালাবে।”

একই সঙ্গে পিকের মতে, মোদী ও বিজেপির শক্তি মূল্যায়নে রাহুল গান্ধীর ভাবনায় ভুল রয়েছে। তিনি বলেন, “রাহুল গান্ধী মনে করেন এটি শুধু সময়ের অপেক্ষা মানুষ মোদীকে সরিয়ে দেবে। কিন্তু তা হচ্ছে না। আপনি যদি প্রতিপক্ষের শক্তির পরীক্ষা না করেন, তার শক্তি সম্পর্কে আপনার উপলব্ধির না হয়, কখনোই তাকে হারাতে পারবেন না।”

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি মাসের প্রশান্ত কিশোর একটি টুইট করেছিলেন, সেখানে লেখেন, “লখিমপুর খেরির ঘটনায় কংগ্রেসের নেতৃত্বে বিরোধীদের দ্রুত স্বতঃস্ফূর্ত পুনরুজ্জীবনের সম্ভাবনা দেখে যারা উচ্ছ্বসিত তাদের জন্য বড় মন খারাপ অপেক্ষা করছে। দুর্ভাগ্যবশত এই প্রাচীন দলের গভীর বদ্ধমূল সমস্যা ও কাঠামোগত দুর্বলতার কোনও চটজলদি সমাধান নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *