আমাদের ভারত, ব্যারাকপুর, ১৯ মার্চ: প্রথম দিন প্রচারে বেরিয়েই কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রের বিরুদ্ধে সমালোচনায় মুখর হলেন বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়। মদন মিত্রের নাম না করে তিনি বলেন, “ওই নেতাকে আগেই এই কামারহাটির মানুষ বাতিল করে দিয়েছে। যে নেতা জেলে ছিল, আগেই দুবার বিধানসভা ভোটে হেরেছে সেই নেতা আর যাই হোক হেভিওয়েট প্রার্থী নয়। বহিরাগত, তোলাবাজ একজনকে তৃণমূল এখানে বসিয়েছে। তাঁকে হারিয়ে এই পবিত্র কামারহাটিতে আমরা পদ্ম ফোটাব।”
তিনি বলেন, “বাংলা এখন গেরুয়াময়। দিদি এখন পিসি হয়ে গোলকিপার হয়ে গেছে। আমরা ২০০ গোল দেব। গোটা রাজ্যের সঙ্গে এই কামারহাটিতেও পদ্ম ফুটবে।”

উত্তর ২৪ পরগনার নজরকাড়া বিধানসভা কেন্দ্র এবার কামারহাটি বিধানসভা। এখানে তৃণমূল প্রার্থী মদন মিত্রের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে রাজ্য বিজেপির সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়কে। রাজু বন্দ্যোপাধ্যায় শুক্রবার দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। তিনি বলেন, “কামারহাটির মানুষ কোনও মাফিয়াকে মেনে নেবে না, উনি আগেও হেরেছে আবার একই ফল হবে। আমি জিতব। এই কামারহাটিতে শিল্প হবে, বেকারদের কর্মসংস্থান হবে। কোন দুর্নীতি চলবে না। আমি মাফিয়ারাজ খতম করে দেব এই পবিত্র কামারহাটি এলাকা থেকে।” আজ দক্ষিণেশ্বর কালী মন্দির সংলগ্ন এলাকায় প্রচার করেন।

