আমাদের ভারত, ২৬ নভেম্বর: পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় সভা করতে গিয়ে বড় প্রতিশ্রুতি দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পশ্চিম বর্ধমানের লাউদোহার সভা মঞ্চ থেকে তিনি প্রতিশ্রুতি দেন, বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারে ২০০০ টাকা করে দেওয়া হবে।
বিধানসভা নির্বাচনের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেছিলেন। এই প্রকল্পে ঘরের মহিলাদের মাসে ৫০০ টাকা করে দেয় রাজ্য সরকার। রাজ্যের ৫০ শতাংশ মহিলা ভোটার। তাই তাদের ভোট টানতে এই প্রকল্প অন্যতম অস্ত্র ছিল তৃণমূলের। এবার সেই অস্ত্রকে নিজেদের হাতে তুলে নেওয়ার পরিকল্পনা করতে দেখা গেল বিজেপিকে। তবে সেটা আরও বড় আকারে। বিজেপি রাজ্য সভাপতি কথা দিলেন ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারে মাসে ২০০০ টাকা দেবেন তারা।

পশ্চিম বর্ধমানের লাউদোহায় বিজেপির সভা মঞ্চের আশপাশে প্রচুর পরিমাণে তৃণমূলের পতাকা লাগানো ছিল। সেই প্রসঙ্গ তুলে কটাক্ষ করে সুকান্ত মজুমদার বলেন , “আমাদেরকে স্বাগত জানাতে তৃণমূল পতাকা লাগিয়ে রেখেছে দেখে ভালো লাগছে।” সুকান্ত বলেন, “এত ভয় বিজেপি ও জনগণকে। দু তারিখের পরে এখানে প্রচুর অত্যাচার করেছেন মেরেছেন ধরেছেন। এখানকার তৃণমূল বিধায়ক বলেছেন, বিজেপির পতাকা যে লাগাবে তার হাত কেটে নেব।” হুঁশিয়ারির সুরে তিনি বলেন, “ডিসেম্বর মাস আসতে দিন কে কার হাত কাটে আমরা দেখব। কলকাতায় যে বড় বড় নেতারা আপনাদেরকে বলেন, বিজেপি কর্মীদের মারুন তাদের বাড়িঘর ভাঙ্গুন, সেই সব নেতাদের অবস্থান আর কিছুদিনের মধ্যেই জেলের ভেতর হতে চলেছে।
এরপরই তিনি তৃণমূলের যারা পতাকা লাগান সেই সব কর্মীদের উদ্দেশ্য করে বলেন, “আজকে যারা তৃণমূল কংগ্রেসের পতাকা লাগিয়ে রাখছে তারা কি পাচ্ছিস রে ভাই? লক্ষ্মীর ভান্ডারে তো মাত্র ৫০০ টাকা দিচ্ছে। ৫০০ টাকায় কি সংসার চলে? বিজেপি আসবে ২০০০ টাকা করে প্রতি মাসে দেবে। আমি মঞ্চ থেকে কথা দিয়ে গেলাম।”
দলের কর্মীদের উদ্দীপ্ত করতে তিনি বলেন, “ভয় পাবেন না লড়াইয়ের জন্য প্রস্তুত হন। আগামী দিনে এখানে বিজেপির সরকার গঠন হতে চলেছে। আর যত কয়লা ও বালি চোর আছে সব জেলের ভেতর যাবে।”

