স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৪ ফেব্রুয়ারি: “দিদিমনি বলছে খেলা হবে, ভাইপো আর অনুব্রতও বলছে খেলা হবে। কিন্তু খেলবে কে? পিসি আর ভাইপো ছাড়া আর কোনও প্লেয়ার নেই, সবাই আমাদের দলে চলে এসেছে। খেলার আগেই তারা হেরে বসে আছে। এবার খেলায় ২০০ গোল দিয়ে রাজ্যে সরকার বানাবো আমরা”। কালিয়াগঞ্জে পরিবর্তন যাত্রা ও জনসভায় যোগ দিতে এসে এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রায়গঞ্জের হেমতাবাদ বিধানসভার পর কালিয়াগঞ্জ বিধানসভায় রথে চেপে পরিবর্তন যাত্রা করেন বিজেপি। পরিবর্তন যাত্রার পর শিমুলতলা মাঠে এক জনসভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী সহ শীর্ষ নেতৃত্ব।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, আজ সিবিআই হানা দিয়েছে। দিদিমণির বৌমাকে ডেকে পাঠিয়েছে সিবিআই আর তাতেই মরাকান্না জুড়ে দিয়েছে দিদিমণি। বৌমাকে বাড়িতে গিয়ে মিথ্যা কথা বলতে শিখিয়ে দিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীকে মিথ্যা কথার চ্যাম্পিয়ন বলে আখ্যা দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিধানসভা নির্বাচনের জন্য রাজ্যে সেন্ট্রাল ফোর্স আসায় সাধারণ মানুষ খুশি, লোকে বলছে এবার সত্যি সত্যি খেলা হবে। কিন্তু দিদিমণির দলে দিদিমণি আর ভাইপো ছাড়া একজনও খেলোয়াড় নেই।


