পার্থ খাঁড়া, মেদিনীপুর, ৩০ অক্টোবর: সিপিএমের লড়াই বিজেপি এবং তৃণমূল দুই দলের বিরুদ্ধে। সেই লক্ষ্যে তাদের মহিলা সংগঠন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির ১ম জেলা সম্মেলন হল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউনে। তাদের বক্তব্য, তৃণমূলকে উৎখাত করলেই বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে।
তৃণমূল কংগ্রেস নেতাদের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছে সিপিএম এবং তাদের শাখা সংগঠনগুলি। ইদানিং তাদের মিছিল, মিটিংয়ে যথেষ্ট ভিড় দেখা যাচ্ছে। আর তাতেই তারা অনেক উৎসাহিত হয়ে উঠেছে। তারা এখন বিজেপি’কে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসতে চাইছে। তার তোড়জোড়–ও শুরু করে দিয়েছে। তাদের লক্ষ্য তৃণমূলকে সরিয়ে আবার ক্ষমতা দখল করা। তবে তারা বিজেপিকে বেশি গুরুত্ব দিতে রাজি নয়। তাদের বক্তব্য, তৃণমূলের জন্যই আজ বিজেপির বাড়বাড়ন্ত। তাই তৃণমূলকে উৎখাত করলেই বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে। এই বক্তব্যই দলের মহিলা সংগঠনের কর্মীদের সামনে তুলে ধরা হল।
চন্দ্রকোনায় গণতান্ত্রিক মহিলা সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির ২ দিনের জেলা সম্মেলনে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধেও তোপ দাগেন সংগঠনের নেত্রীরা। তারা বলেন,
দিল্লির মোদী সরকার আসলে কর্পোরেটের স্বার্থ রক্ষার তাগিদে দেশের সম্পদ বেসরকারীকরণ ও বিক্রি করে দেশদ্রোহীতার কাজ করছে। অন্যদিকে, রাজ্যের তৃণমূল কংগ্রেস দুর্নীতি, কাটমানি আর সিন্ডিকেটের ক্ষমতা কায়েম করেছে। নেত্রীদের বক্তব্য, “তৃণমূলকে উৎখাত করলেই বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে।” রাজ্যের ‘অরাজকতার’ বিরুদ্ধে মহিলাদেরও গুরুদায়িত্ব পালন করা সহ আন্দোলনের মধ্য দিয়ে অতীত ঐতিহ্য পুনরুদ্ধার করার সংগ্রামে সামিল হওয়ার আহ্বান জানান বাম নেত্রীরা।

আজ শেষ হল দু’দিনের এই সম্মেলন। গতকাল চন্দ্রকোনা টাউনের চার প্রান্ত থেকে চারটি মিছিল করে মহিলারা এই সম্মেলনে যোগদিয়েছিলেন। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদিকা কনীনিকা ঘোষ, রাজ্য সভানেত্রী অঞ্জু কর, সর্বভারতীয় মহিলা নেত্রী দেবলীনা হেমব্রম।

