আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: তমলুক পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে ভোটের জন্য দেওয়াল লেখাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে গন্ডগোল। দু’দলের সংঘর্ষে আগেই পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গণ্ডগোলের সূত্রপাত গতকাল রাত থেকে। তৃণমূলের অভিযোগ, তাদের ধরে রাখা দেওয়ালে বিজেপি দেওয়াল লিখন করেছে। অপরদিকে বিজেপির অভিযোগ যে তাদের লেখা দেওয়াল মুছে দিয়ে বিজেপি দেওয়ালে লিখেছে। এই নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগে এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। গতকাল রাতের এই গন্ডগোল এর পরিপ্রেক্ষিতে দুপক্ষই আজ সকালবেলা এলাকায় জমায়েত করে স্লোগান পাল্টা স্লোগান দিতে থাকে। এরফলে উত্তেজনা তৈরি হয়।

পরিস্থিতি এমন তৈরি হয় যে হাতাহাতি হওয়ার উপক্রম হয়। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে আসে এবং দু’পক্ষকেই এলাকা থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকায় চাপা উত্তেজনা আছে।

