Patrasayer, BJP, TMC, পাত্রসায়েরে দল বদল নিয়ে তরজায় বিজেপি- তৃণমূল

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৫ মার্চ: পাত্রসায়েরে দল বদল ঘিরে রাজনৈতিক তরজায় বিজেপি- তৃণমূল। বিজেপির বক্তব্য, নাটক করতেও শিক্ষার দরকার পড়ে।তৃণমূলের নাটক করার ধারণাও নেই। তাই জনসমক্ষে হেয় প্রতিপন্ন হচ্ছে। মঙ্গলবার পাত্রসায়েরে বিজেপির এক বুথ সভাপতি সহ তিরিশটি পরিবারের তৃণমূলে যোগদান বিষয়ে মন্তব্য করতে গিয়ে বিজেপির প্রার্থী দিবাকর ঘরামী বলেন, নাটক করতে গেলেও একটা শিক্ষার দরকার পড়ে, তৃণমূলের সেটাও নেই। তিনি বলেন, বিজেপি যুবমোর্চার বুথ সভাপতি বলে কোনও পদ নেই। এভাবে দল বদলের নাটক ধরা পড়ে যাচ্ছে।

পাত্রসায়েরর আড়গোড়া বুথে যুবমোর্চার বুথ সভাপতি সহ তিরিশটি পরিবার তৃণমূলে যোগ দিয়েছে বলে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়। দলে নবাগতদের হাতে ঘাসফুল পতাকা তুলে দেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা ওন্দার তৃণমূল প্রার্থী সুব্রত দত্ত। সুব্রত দত্তের বক্তব্য, বিজেপি যুব মোর্চার আড়গোড়া বুথ সভাপতি সহ ৩০টি পরিবার তৃণমূলে যোগ দিয়েছে। এতে তাদের দলের সাংগঠনিক ক্ষমতা আরও বৃদ্ধি পেল। এই যোগদান নিয়ে তৃণমূলকে পাল্টা খোঁচা দিয়েছে বিরোধী দল বিজেপি।

বিজেপির বক্তব্য, তাদের সংগঠনে যুব মোর্চার বুথ সভাপতি বলে কোনও পদই নেই। আসলে নিজের দলের লোকেদেরই ফের পতাকা ধরিয়ে যোগদানের নাটক করেছে তৃণমূল। তৃণমূলের সুব্রত দত্তর দাবি, মঙ্গলবার সন্ধ্যায় পাত্রসায়ের ব্লকের প্রায় ৩০টি পরিবার বিজেপি ছেড়ে যোগ দিলো তৃণমূলে।ভোটের আগে গেরুয়া শিবিরে ভাঙন ধরেছে। দাবি, বিজেপি যুব মোর্চার আড়গোড়া বুথ সভাপতি সহ ওই ৩০টি পরিবার তৃণমূলে যোগ দেওয়ায় দলের সাংগঠনিক ক্ষমতা আরও বৃদ্ধি পেল।

অন্যদিকে বিজেপি প্রার্থী দিবাকর ঘরামি বলেন, গোটা বাংলা তৈরি হয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেওয়ার জন্য। বাঁচার জন্য তৃণমূল মিথ্যা নাটক করছে। নিজেদের লোককেই পতাকা ধরিয়ে এই নাটকের প্লট তৈরি করছে। ওরা যে মিথ্যা বলছে, তার জ্বলন্ত উদাহরণ, ওরা দাবি করছে বিজেপি যুব মোর্চার বুথ সভাপতি যোগ দিয়েছে বলে। আসলে বিজেপি যুব মোর্চার কোনো বুথ সভাপতিই হয় না। বিজেপির সাতটা মোর্চা রয়েছে, সেটা মণ্ডল স্তর পর্যন্ত কমিটি হয়। বুথে কোনও মোর্চার কমিটি হয় না।

এদিকে, যে নিজেকে বিজেপি যুব মোর্চার দায়িত্বে ছিলেন বলে দাবি করছেন, সেই সঞ্জয় বাগদী প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বলেন, বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রবল। সেই কারণে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। বিজেপি যুব মোর্চার দায়িত্বে ছিলাম আরগোড়ায়।

বাঁকুড়ার সোনামুখী একসময়ে বামেদের গড় হিসাবেই পরিচিত ছিল। ২০২১ সালের নির্বাচনে বিজেপি প্রার্থী দিবাকর ঘরামি এই আসনে জয়লাভ করেছিলেন। এর আগে এটি বামেদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, কিন্তু গত কয়েক বছরে এখানকার ভোটব্যাঙ্কে ব্যাপকভাবে মেরুকরণ হয়েছে। ব্যাপক হারে বেড়েছে বিজেপির ভোটব্যাঙ্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *