বাংলায় করোনা সংক্রমণ বাড়ার জন্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের দিকে অভিযোগের আঙুল তুললেন আইএনটিটিইউসির রাজ্য সভানেত্রী দোলা সেন

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১০ জুন: বাংলায় করোনা সংক্রমণ বাড়ার পেছনে কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের দিকে অভিযোগের আঙুল তুললেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির রাজ্য সভানেত্রী দোলা সেন। বৃহস্পতিবার মেদিনীপুর শহরে কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে আইএনটিটিইউসির রক্তদান কর্মসূচিতে যোগ দিতে এসে এই অভিযোগ তোলেন নেত্রী দোলা সেন।

তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, কোভিড পরিস্থিতিতে সুস্থতার হারে বাংলা এগিয়ে আছে এবং মৃত্যুর হারে বাংলা পিছিয়ে রয়েছে। নির্বাচনের ফল প্রকাশের পরে করোনার দ্বিতীয় ঢেউ যেভাবে বাংলায় আছড়ে পড়েছিল তার মোকাবিলা করতে মুখ্যমন্ত্রী অগ্রণী ভূমিকা পালন করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দোলা সেন রাজ্যজুড়ে সন্ত্রাস নিয়ে বিরোধীদের অভিযোগ প্রসঙ্গে বলেন, যদি সন্ত্রাসের ফলে প্রচুর মানুষ ঘরছাড়া থাকে তাহলে সংবাদমাধ্যম দেখাতে পাচ্ছে না কেন? আগে সংবাদমাধ্যম ঘরছাড়াদের দেখাক তারপরে এ বিষয়ে উত্তর দেবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *