বেলগাছিয়া, নৈহাটির পর ট্যাংরা, বাঁশ-রড নিয়ে সংঘর্ষে জখম ১৪

রাজেন রায়, কলকাতা, ২৫ এপ্রিল: বেলগাছিয়া, নৈহাটির পর এবার রাজনৈতিক সংঘর্ষে ফের উত্তপ্ত কলকাতা। বাঁশ, রড দিয়ে মারধর ও সংঘর্ষের ঘটনা ঘটল ট্যাংরার মথুরবাবু লেনে। আহত বিজেপি তৃণমূল দু’পক্ষের ১৪ জন। রবিবার দুপুরে ট্যাংরা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় আতঙ্ক, মোতায়েন অতিরিক্ত পুলিশ বাহিনী।

শনিবার রাতে মথুরবাবু লেন এলাকায় বিজেপির ফেস্টুন ছেঁড়া নিয়ে উত্তেজনা ছড়ায়।বিজেপির অভিযোগ, বেছে বেছে তাঁদের কর্মীদের উপর হামলা চালাচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। রাতের ঘটনা নিয়ে প্রতিবাদ জানান বিজেপির এক মহিলা কর্মী। তাঁর উপরও হামলা চলে বলে অভিযোগ। রবিবার দুপুরে ফের অশান্তি শুরু হয়। এদিন এলাকায় বিজেপি একটি পথসভার আয়োজন করেছিল। অভিযোগ, তা ভণ্ডুল করতে তৃণমূলের কর্মী, সমর্থকরা ফের হামলা চালায়। বাঁশ, রড নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। চলে ইট ছোঁড়াছুঁড়িও। এতে দু’পক্ষের ১৪ জন আহত হয়েছেন।

যদিও বিজেপির দাবি, আহতরা সকলেই তাদের দলের কর্মী। মথুরবাবু লেন বেলেঘাটা বিধানসভা কেন্দ্রে পড়ে। আগেও এই এলাকা একাধিকবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে। আগামী ২৯ তারিখ এই কেন্দ্রে ভোট। তার আগে রাত থেকে এ ধরনের সংঘর্ষে স্বভাবতই আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *