রাজেন রায়, কলকাতা, ১৭ এপ্রিল: ভোটের দিন একাধিক অভিযোগে নিজেদের মধ্যে গন্ডগোল ও মারপিটে জড়িয়ে পড়ল সল্টলেকের সুকান্ত নগর এলাকার বাসিন্দারা। এলাকায় বুথের সামনে তৃণমূল কংগ্রেস ও বিজেপির সমর্থকদের মধ্যে জমায়েত ঘিরে দুই পক্ষের বচসা ও হাতাহাতির হয়। দুই দলের সমর্থকেরাই একে অপরের বিরুদ্ধে বুথ জ্যাম করে ছাপ্পা দেওয়ার অভিযোগ এবং ভোটারদের বুথে যেতে বাধাদানের অভিযোগও তোলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সামনেই।
তারপরই চলে দুই পক্ষের মধ্যে ইটবৃষ্টিও। একই সঙ্গে রাস্তায় ফেলে এক মহিলাকে শ্লীলতাহানি ও মারধর করার অভিযোগও ওঠে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী।
সুকান্ত নগর এলাকায় এদিন সকাল থেকেই বুথের কাছে অবৈধ ভিড় জমিয়েছিল দুই দলের নেতারাই। অনেক ভোটারই বুথের কাছাকাছি এসেও বাড়ি ফিরে যেতে বাধ্য হন। অভিযোগ, এই সময় কেন্দ্রীয় বাহিনী বা পুলিশ কেউই এই জমায়েতের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেয়নি। এমনকি কেন্দ্রীয় বাহিনীর সামনেই দুই পক্ষের লোকজন হাতাহাতি মারামারিতে জড়িয়ে পড়ে চলে ইটবৃষ্টিও। পরে কেন্দ্রীয় বাহিনী মৃদু লাঠিচার্জ করে ভিড় হটিয়ে দেয়। বিজেপি প্রার্থী সব্যসাচী দত্তর অভিযোগ, তৃণমূল বুথ জ্যাম করে ভোটলুঠ করতেই বিজেপি সমর্থকদের ওপর হামলা চালিয়েছে।

