আমাদের ভারত, বর্ধমান, ১৩ এপ্রিল: বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বর্ধমান শহরের রসিকপুর এলাকা। অভিযোগ, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের রোড শোতে হামলা চালায় তৃণমূল কংগ্রেস। ঘটনার জেরে মঙ্গলবার সন্ধ্যে নাগাদ এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে বর্ধমান শহরের রসিকপুর এলাকা। বিজেপির অভিযোগ, দিলীপ ঘোষের রোড শোয়ের মিছিল লক্ষ্য করে তৃণমূল ইট বৃষ্টি শুরু করে। পালটা তৃণমূল কংগ্রেসের দাবি তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙ্গচুর চালায় বিজেপি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বর্ধমান থানার বিশাল পুলিশবাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। পুলিশ পরিস্থিতি সামাল দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বর্ধমান শহরের পাওয়ার হাউস মোড় থেকে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সন্দীপ নন্দীর সমর্থনে রোড শো শুরু করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মিছিলটি রসিকপুর এলাকার দিয়ে যাওয়ার সময় মিছিল লক্ষ্য করে তৃণমূল ইট বৃষ্টি শুরু করে বলে অভিযোগ। এর পরেই তৃণমূল বিজেপি সংঘর্ষ শুরু হয়। পালটা তৃণমূল কংগ্রেস অভিযোগ তোলে তাদের দলীয় কার্যালয়ে ভাঙ্গচুর চালিয়েছে বিজেপি। ফলে উত্তপ্ত হয়ে ওঠে বর্ধমানের রসিকপুর এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিশ। সেখানে যায় কেন্দ্রীয় বাহিনী।
বিজেপির অভিযোগ, এদিন বর্ধমানের পাওয়ার হাউস মোড় থেকে দিলীপ ঘোষের রোড শো শুরু হয়। হাজার হাজার মানুষের ঢল নামে সেই মিছিলে। মিছিলটি পারকাস রোডে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মিছিলটি রসিকপুর এলাকায় যেতেই মিছিল লক্ষ্য করে ইট ছুঁড়তে শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। বিজেপি কর্মীরা রুখে দাঁড়ালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অন্যদিকে তৃণমূল অভিযোগ অস্বীকার করে দাবি করে এদিন বিজেপির মিছিল থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ছিঁড়ে ফেলে দেয় বিজেপির কর্মীরা। তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রতিবাদ করতে গেলে তাদের লাঠি বাঁশ দিয়ে মারধর করে বিজেপি কর্মী সমর্থকরা।
এরপরেই তাদের দলীয় কার্যালয়ে ভাঙ্গচুর চালায় বিজেপি। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

