বামেদের একটা পুরসভা দখলকে স্পন্সর উত্থান বলে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ২ মার্চ: রাজ্যের পুরভোটে বামেদের ফলকে আসলে স্পনসর্ড উত্থান বা প্রযোজিত উত্থান বলে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সাংবাদিক বৈঠকে জানিয়ে দেন, বামেদের ফল’কে গুরুত্ব দিতে নারাজ তিনি। একইসঙ্গে জানিয়ে দিয়েছেন, পুরভোটের এই ফল বিজেপি মানে না। তবে তিনি জানিয়েছেন, এই ফলের আত্মবিশ্লেষণ করবে তাঁর দল।

রাজ্যের ১০৮টি পৌরসভা নির্বাচনে তাহেরপুর পৌরসভা দখল করতে পারেনি তৃণমূল কংগ্রেস। সেখানে বামেদের ঝান্ডা উড়েছে। ৮টি ওয়ার্ডে জিতে তাহেরপুর দখল করেছে বামেরা। কিন্তু সেখানে বিদায়ী বোর্ডের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের ওয়ার্ডে হেরেছে সিপিএম প্রার্থীরা।

এই বিষয়ে প্রশ্ন করতেই সুকান্ত মজুমদার বলেন, বামেদের উত্থান বাজে কথা। বামেদের আসলে স্পন্সর্ড উত্থান হয়েছে। ছাপ্পার ৮টা ভোট তৃণমূলে পড়লে দুটো ভোট বামেদের দেওয়া হয়েছে। তিনি বলেন, ভোট শতাংশের হিসেবে এখনো বামেদের থেকে বিজেপি রাজ্যে এগিয়ে রয়েছে।

পুরভোটে গণনা শেষে দেখা গেছে রাজ্য তৃণমূল পেয়েছে ৫৮ শতাংশ ভোট। বিজেপি পেয়েছে ১৭.৫ শতাংশ ভোট। শতাংশের নিরিখে বামেদের থেকে বিজেপি কিছুটা হলেও এগিয়ে রয়েছে। বামেরা পেয়েছে ১২.৫ শতাংশ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *