শ্রীরূপা চক্রবর্তী, কলকাতা, ৬ আগস্ট: বিজেপির রাজ্য সভাপতির পরিবর্তন নিয়ে সরগরম সামাজিক মাধ্যম। এমনকি কিছু সংবাদ মাধ্যমও খবর করেছে যে সুকান্ত মজুমদারকে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এই নিয়ে দলের নেতা কর্মীরাও দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। এরফলে দলের সাংগঠনিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। এই অবস্থায় সভাপতি বদল নিয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি মজুমদার।
গত কয়েকমাস ধরে বিজেপির রাজ্য সভাপতির পরিবর্তন নিয়ে সামাজিক মাধ্যমে জোরদার প্রচার চলছে। পঞ্চায়েত নির্বাচনের পর এই প্রচার তুঙ্গে উঠেছে। বিজেপির বিভিন্ন কর্মীরাই সেই পোস্টগুলি করছেন। এমন কী এই নিয়ে সংবাদমাধ্যমও খবর করেছে। প্রচারে বলা হচ্ছ সুকান্ত মজুমদারকে সরিয়ে দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি করা হবে। আর সুকান্ত মজুমদার এবং সদ্য কেন্দ্রীয় সহ সভাপতির পদ থেকে বাদ যাওয়া দিলীপ ঘোষকে কেন্দ্রীয় মন্ত্রী করা হবে। শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতি হওয়ার পর বিরোধী দলনেতা করা হবে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষকে। দলের নেতা কর্মীদের একাংশের বক্তব্য, এই নিয়ে চরম বিভ্রান্তিতে রয়েছেন জেলা এবং মন্ডল স্তরের নেতাকর্মীরা। দলের কাজকর্ম থমকে আছে। কারণ যদি রাজ্য সভাপতিকে সরিয়ে দেওয়া হয় তা হলে নতুন সভাপতি এসে নতুন করে জেলা এবং মন্ডল কমিটি তৈরি করবেন, সেক্ষেত্রে বাদ পড়ে যাবেন বর্তমান পদাধিকারীরা। দলের এই অবস্থায় অবশেষে মুখ খুললেন সুকান্ত মজুমদার।
সংবাদ সংস্থা এএনআই’কে দেওয়া এক সাক্ষাৎকারে সুকান্ত মজুমদার জানান, সংবাদমাধ্যমে সভাপতি বদলের খবরের বিষয়টি নিয়ে তিনি সরাসরি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন। বিষয়টির সত্যতা নিয়ে তাদের জিজ্ঞাসা করেন। তিনি জানতে চান, তাঁকে সরিয়ে দিয়ে কি নতুন সভাপতি করা হচ্ছে? উত্তরে কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি একেবারে উড়িয়ে দিয়েছেন। সুকান্তবাবুকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এরকম কোনও সম্ভাবনা নেই। ২৪ এর লোকসভা ভোটের আগে রাজ্য সভাপতি বদলের কোনও সম্ভাবনা নেই।
সুকান্ত মজুমদারের এই বক্তব্য প্রকাশ্যে আসার পর বিরোধী গোষ্ঠীর প্রচারে কার্যত জল ঢেলে দেওয়া হল বলে মনে করছেন সুকান্তবাবুর অনুগামীরা।
ওই সাক্ষাৎকারে সুকান্তবাবু আরও জানান, ২৪ এর লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে রাজ্য বিজেপি নেতৃত্ব একটা টিম হিসেবে একসঙ্গে কাজ করবে। তাদের লক্ষ্য গতবারের থেকেও ভালো ফল করা। তিনি জানিয়ে দেন, “আমি রাজ্য সভাপতি থাকছি, ২৪ এর লোকসভা ভোটের আগে পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।”
#WATCH | West Bengal BJP MP Sukanta Majumdar on speculations of him being replaced, says; "…There will be no change as of now & in 2024 Bengal BJP will fight together in the elections…Sukanta Majumdar is not an important issue, we are team BJP & will defeat Mamata Banerjee… pic.twitter.com/STJ5kD9lYG
— ANI (@ANI) August 5, 2023

