রামপুরহাট কান্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির রাজ্য সভাপতির

আমাদের ভারত, ২২ মার্চ: রামপুরহাট কান্ডে তোপ দাগলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। উপপ্রধান খুন এবং তার পালটা ১০ জনকে পুড়িয়ে মারার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন তিনি।

সুকান্তবাবু বলেন, “গতকাল থেকে বীরভূমের ওই গ্রামে তৃণমূল হার্মাদ বাহিনীর নেতৃত্বে অভূতপূর্ব ঘটনা ঘটেছে। উপপ্রধান মারা যান বা তাঁকে খুন করা হয়। তার প্রতিশোধ নিতে এই কান্ড হয়েছে। পশ্চিমবঙ্গের বুকে বহুদিন এ রকম ঘটনা আমরা দেখিনি। গ্রামের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত প্রচারমাধ্যমের হিসাবে ১০ জনকে পুড়িয়ে মারা হয়েছে। পরে সংখ্যাটা বাড়তেও পারে।

বিজেপি রাজ্য সভাপতির কথায়, “গোটা রাজ্যে এ রকম চলছে। কলকাতাতেও দেখেছি বন্দুক-পিস্তল নিয়ে ঘোরাঘুরি, গুলি চলেছে। দু’জন কাউন্সিলারকে হত্যা করা হয়েছে। দিনেদুপুরে বোমা ছোঁড়া হয়েছে। আপনারা দেখেছেন। এই যে ঘটনাগুলো ঘটছে, আমরা মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। এটা রাজ্য সরকার চলছে না সার্কাস চলছে? এতবড় একটা অঘটন ঘটে গেল! কয়েক ঘণ্টার মধ্যে ১০ জন পশ্চিমবঙ্গবাসীর জীবন চলে গেল, আর পুলিশের কাছে কোনও ইনপুট নেই! পুলিশ করছেটা কী?”

সুকান্তবাবু প্রশ্ন তুলেছেন, “পুলিশের কাজ কি কল্যাণ-সংগঠন তৈরি করে মুখ্যমন্ত্রীকে মা বানানো? নাকি পুলিশের কাজ পশ্চিমবঙ্গের জনগনকে, পশ্চিমবঙ্গের নাগগরিকদের সুরক্ষা দেওয়া?“

উল্লেখ্য, তৃণমূলের উপপ্রধান খুনের বদলা নিতে ১০ জনকে পুড়িয়ে মারার অভিযোগ উঠলো। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার বগটুই গ্রামে।

গতকাল রাতে তৃণমূল নেতা তথা বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান ভাদু শেখ (৩৮) কে খুন করে দুষ্কৃতিরা।

এই ঘটনার পর কাছেই বগটুই গ্রাম জুড়ে শুরু হয় বোমাবাজি। উপ প্রধানের মৃত্যুর আক্রোশে বগটুই গ্রামের পাঁচটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন লাগানো হয়েছিল পলাশ সেখ, নিউটন শেখ, ফটিক সেখ ছোট লাল শেখ ও সফি সেখের বাড়িতে। পুলিশ পৌঁছানোর আগেই বাড়িগুলি আগুনে পুড়ে যায়। তারপর পুলিশ সেখানে কাউকে ঢুকতে দেয়নি। সারারাত পুরো এলাকা ঘিরে রেখে দিয়েছিল। পরে সকালে দমকলকে খবর দেওয়া হয়। পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ সরিয়ে ১০টি মৃতদেহ উদ্ধার হয়। জানা গেছে, এই ১০ জনের মধ্যে ৮ জন মহিলা এবং দুটি শিশু রয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনার পাশাপাশি নেমে এসেছে শোকের ছায়া। অনুমান করা হচ্ছে মৃতের সংখ্যা বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *