নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৪ মার্চ: দিল্লিতে দলের তারকা প্রার্থী নিয়ে জট কেটেছে বলে বিজেপি সূত্রের খবর। রাজ্য বিজেপির প্রার্থী তালিকা নিয়ে দিলীপ ঘোষ, মুকুল রায়ের সঙ্গে বৈঠকে করছেন কেন্দ্রীয় নেতারা। সন্ধ্যেয় প্রধানমন্ত্রী ও অমিত শাহর উপস্থিতিতে প্রার্থী বাছাই নিয়ে চূড়ান্ত বৈঠক হবে বলে দলীয় সূত্রে খবর।
কয়েকজন হেভিওয়েটের আসন নিয়ে জট পুরোপুরি কেটে গিয়েছে বলে দলীয় সূত্রে খবর। যেমন খড়্গপুর থেকে ফের প্রার্থী হতে চলেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মেদিনীপুর থেকে প্রার্থী হতে পারেন প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী প্রথম পছন্দ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বর। কেন্দ্রীয় নেতারা চাইছেন মমতার বিরুদ্ধে তিনি নন্দীগ্রামে লড়াই করুন। অন্যদিকে, কলকাতার ভবানীপুর কেন্দ্রে প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় এর নাম উঠে এসেছে। ডোমজুড়ে রাজীব বন্দ্যোপাধ্যায়। ব্যারাকপুরে দলের প্রয়াত নেতা মনিশ শুক্লার পরিবার থেকে প্রার্থী হোক এমনটাই চাইছেন কেন্দ্রীয় নেতারা। খড়দহে মুকুল রায় অনুগামী প্রাক্তন তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত। রাজারহাটে বিজেপির প্রাক্তন বিধায়ক শমীক ভট্টাচার্য। বিধান নগরে সব্যসাচী দত্তের উপরই বর্ষা ডাকতে পারেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
তবে সবটাই চূড়ান্ত হবে আজ সন্ধ্যার বৈঠকে। দলীয় সূত্রে খবর, প্রথম পর্যায়ে ৩০টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বিজেপি। পরের ধাপে ধাপে বাদবাকি আসনগুলি প্রার্থী তালিকা ঘোষণা হবে বলে দলীয় সূত্রে খবর।

