পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ নভেম্বর: আজ অখিল গিরির মন্তব্য ইস্যুতে সারা রাজ্যের সাথে পশ্চিম মেদিনীপুর জেলায় বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় রাজ্যের মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে থানায় থানায় অভিযোগ দায়ের করতে উদ্যোগী হল বিজেপি। এই ইস্যুতে জেলার সমস্ত ব্লকে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি। আজ ভারতীয় জনতা আদিবাসী মোর্চার উদ্যোগে প্রতিবাদ মিছিল হয় মেদিনীপুর জেলা সদর শহরে। জেলা বিজেপি কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে কালেক্টরেট মোড় ঘুরে গান্ধী মূর্তির পাদদেশে মিছিল শেষ হয়। মিছিল শেষে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি নেতা কর্মীরা। প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলার মুখপাত্র অরূপ দাস।
মন্ডল সভাপতি দেবাশীষ দাস বলেন, “রাজ্যের মন্ত্রীর এই মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রী বা তৃণমূলের কোনো নেতা বা মন্ত্রী কোনও বিবৃতি দেননি। রাজ্যের এক জন মন্ত্রী হয়ে অখিল গিরি রাষ্ট্রপতির বিরুদ্ধে যে কুরুচিকর মন্তব্য করেছেন সংসদীয় গণতন্ত্রকে কালিমালিপ্ত করল। তাঁর পদত্যাগ করা উচিত। আমরা রার্জনৈতিকভাবে রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছি।” অবিলম্বে অখিল গিরিকে পকসো আইনে গ্ৰেপ্তার করতে হবে, না হলে আগামী দিনে মেদিনীপুরে আগুন জ্বলবে বলে আজকের মঞ্চ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।
আজ দুপুরে জেলা বিজেপি নেতা শংকর গুছাইত জেলা পুলিশ সুপার, কোতোয়ালি থানা এবং জাতীয় তফসিলি কাউন্সিলে অখিল গিরির বিরুদ্ধে মামলা দায়ের করেন।
রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল৷ এরই মাঝে তাঁর ওই মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন অখিল গিরি৷ প্রসঙ্গত, শুক্রবার নন্দীগ্রামের গোকুলনগর শহিদ মঞ্চের কাছে তৃণমূলের অবস্থান বিক্ষোভ কর্মসূচি ছিল। অভিযোগ, সেই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নামে কুরুচিকর মন্তব্য করেছিলেন।

