মানবাজারে কানু মুর্মুর মূর্তি ভাঙ্গার নিরপেক্ষ তদন্তের দাবিতে সোচ্চার বিজেপি এসটি মোর্চা

সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ১৪ জুলাই: মানবাজারের কাদলাগড়া গ্রামে কানু মুর্মুর মূর্তি ভাঙ্গার নিরপেক্ষ তদন্তের দাবিতে সোচ্চার হল বিজেপির তপশিলি উপজাতি (এস টি) মোর্চা। মঙ্গলবার মানবাজারে একটি বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে তারা। স্থানীয় ইঁদকুড়ি হনুমান মন্দির থেকে মিছিল শুরু হয়। মানবাজারের বিভিন্ন রাস্তা অতিক্রম করে মিছিল শেষ হয় মহকুমা পুলিশ আধিকারিক কার্যালয়ের কাছে। মহকুমা পুলিশ আধিকারিককে একটি স্মারকলিপি দেওয়া হয় আদিবাসী মোর্চার পক্ষে। ওই স্মারকলিপিতে স্থানীয় আদিবাসী মহিলাদের সম্মান রক্ষা, ভাঙ্গা মূর্তির পুনঃ প্রতিষ্ঠা, অবৈধভাবে স্থানীয় অঞ্চলে যে প্রাকৃতিক সম্পদের লুণ্ঠন হচ্ছে তার বিষয় এবং হেমতাবাদে উত্তর দিনাজপুরের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের হত্যার সিবিআই তদন্ত দাবি জানানো হয়।

দলীয় ওই কর্মসূচিতে অংশ নেন ঝাড়গ্রাম লোকসভার সাংসদ কুনার হেমব্রম, বিজেপি জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী এস টি মোর্চার রাজ্য সহ-সভাপতি তুহিন শুভ্র সিং, স্থানীয় বিজেপি নেতা বাণী পদ কুম্ভকার সহ অন্যান্য কার্যকর্তারা।

প্রসঙ্গত, ৩০ জুন মানবাজারের কাদলাগড়া জুনিয়র হাই স্কুল চত্বরে অবস্থিত কানু মুর্মুর মূর্তি দুষ্কৃতীরা ভেঙ্গে দেয়। অভিযোগের ভিত্তিতে এক বিজেপি কর্মীকে গ্রেফতার করে মানবাজার থানার পুলিশ। এই ইস্যুতে আসরে নামে তৃণমূল কংগ্রেস। ঘটনার প্রতিবাদে আন্দোলন শুরু হয় জেলা জুড়ে। শুধু ওই স্থানেই নয়, ১৪ আগস্টের মধ্যে জেলার আরও দুটি স্থানে সিধু-কানুর মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *