সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১২ মার্চ: ভোটের মুখে বাঁকুড়ায় বড় চমক দিল বিজেপি। গতকাল সন্ধ্যায় এক অনুষ্ঠানে তৃণমূলের বুথ সভাপতি সহ শতাধিক কর্মী যোগ দিল বিজেপিতে। তাদের গায়ে পবিত্র গঙ্গাজল ছিটিয়ে, গীতা হাতে দিয়ে দলে নিল বিজেপি। তাও আবার কুম্ভ থেকে আনা গঙ্গা জল। এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কালপাথর গ্রাম পঞ্চায়েতের কুশতোড়া গ্রামে। বাঁকুড়া বিধানসভা এলাকার কুশতোড়া গ্রামের তৃণমূলের বুথ সভাপতি সহ প্রায় শতাধিক তৃণমূল কর্মী এদিন যোগ দিলেন বিজেপিতে। দলে নেওয়ার আগে তাদের গায়ে উত্তরপ্রদেশের কুম্ভ থেকে আনা গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধিকরণ করেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রী শেখর দানা। তাদের হাতে ধরানো হয় গীতা। তারপর তাদের হাতে তুলে দেওয়া হয় বিজেপির পতাকা।
যদিও তৃণমূলের দাবি, তাদের কোনও কর্মী দলবদল করেননি। তাদের বক্তব্য, আসন্ন বিধানসভা নির্বাচনে বাঁকুড়া বিধানসভার মানুষ ভোটবাক্সে বিজেপি বিধায়কের শুদ্ধিকরণ করবে।
বিধায়ক নীলাদ্রি শেখর দানার বক্তব্য, গঙ্গাজল ছিটিয়ে তাদের শুদ্ধিকরণ করে বিজেপি পরিবারে সামিল করা হয়েছে। আগামী দিনে উন্নয়নের পথে সামিল হতে চান তারা। এদিকে এই দলবদল ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। এই দলবদলুরা কেউই তৃণমূলের কর্মী নয় বলে দাবি করেছেন তৃণমূলের বাঁকুড়া জেলা কমিটির সদস্য মধুসূদন ডাঙড়। তাঁর বক্তব্য, এরকম কোনও কর্মী তাদের দলে রয়েছে বলে জানা নেই। বিজেপি প্রতিবারই ভোটের আগে এই ধরনের যোগদানের একটা সাজানো নাটক করে।
উল্লেখ্য, এই কালপাথর গ্রাম পঞ্চায়েত এলাকায় বরাবরই বিজেপি- তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়ে থাকে। গত ২০১৯ সালে লোকসভা নির্বাচনে ১ হাজার ৮১ ভোটে এই গ্রাম পঞ্চায়েতে পিছিয়ে ছিল তৃণমূল। ২০২১ সালে বিধানসভা ভোটে ৫৯০ ভোটে এগিয়ে যায় তৃণমূল।গত ২০২৪ লোকসভা নির্বাচনে ৬৮৭ ভোটে এগিয়েছিল তৃণমূল। বুধবার এই গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় তৃণমূল বুথ সভাপতি নন্দলাল শীট সহ প্রায় শতাধিক তৃণমূল কর্মী ও সমর্থক যোগ দেন বিজেপিতে।
নন্দলাল শীটের বক্তব্য, কৃষিপ্রধান এই এলাকায় সেচের জন্য দীর্ঘদিন ধরে গ্রামবাসীরা একটি পুকুর খননের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু সেই দাবি পূরণ না হওয়াতেই এই দলবদল।

