আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৯ জুন: ভাটপাড়ায় নিহত বিজেপি কর্মী জেপি যাদবের পরিবারের পাশে দাঁড়াতে তাঁর বাড়িতে গেলেন বিজেপির এক প্রতিনিধি দল। বুধবার দুপুরে বিজেপির এক প্রতিনিধি দল ভাটপাড়ার মুক্তারপুরে নিহত বিজেপি কর্মী জেপি যাদবের বাড়ি গিয়ে তার আত্মীয়দের সাথে দেখা করে তাদের হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেন। এদিন ওই প্রতিনিধি দলে ছিলেন বিজেপির রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র, ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্য, ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক পবন সিং সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।
এদিন বিজেপির ওই প্রতিনিধি দল নিহত বিজেপি কর্মীর পরিবারের হাতে চেক দেওয়ার পাশাপাশি ওই পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। প্রসঙ্গত, ভাটপাড়া পৌর সভার ১ নং ওয়ার্ডের বাসিন্দা পেশায় জুট মিল শ্রমিক জয় প্রকাশ যাদবকে প্রকাশ্য দিবালোকে ঘরের মধ্যে বোমা মেরে হত্যা করা হয়। এই ঘটনার পর দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল ভাটপাড়া এলাকা। চলে পথ অবরোধ, বোমাবজি, পুলিশি ধর পাকর। এরপর আজ ওই মৃত বিজেপি কর্মীর বাড়ি যান বিজেপির নেতৃত্ব।

এদিন এই প্রতিনিধি দলের সদস্য হিসেবে আসা বিধায়ক পবন সিং বলেন, “জেপি যাদবের পরিবারের পাশে আমরা সব সময় আছি। রাজনীতির জন্য না তার বাইরে বেরিয়ে আমাদের সম্পর্ক। তবে এই খুনটি জমির জন্য হয়নি। কারণ ওনারা রেলের জমিতে থাকেন সেটা অন্য কারোর নয় রেলের। তাহলে কেন এবখ কেই বা এই জমির জন্য বোম মারবে। এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার।”
তবে নিহত জয় প্রকাশ যাদবের পরিবারের দাবি, অবিলম্বে মূল অভিযুক্ত লালন সিং এবং চন্দন সিংকে গ্রেফতার করতে হবে। তাদের ফাঁসির সাজা দিতে হবে।
এদিন বিজেপির ব্যারাকাপুর সাংগঠনিক জেলা সভাপতি রবীন্দ্র নাথ ভট্টাচার্য জানান, আইনি লড়াইতে সব রকম সাহায্য তারা চালিয়ে যাবেন।
অন্যদিকে তৃণমূলের তরফ থেকে বিধায়ক সোমনাথ শ্যাম দাবি করে বলেন, “এসব লোক দেখানো। আসলে বিজেপি টাকা দিয়ে সবকিছুই কিনতে চায়। আর টাকা দিয়ে মুখ বন্ধ করতে চাইছে। ধামাচাপা দেওয়ার চেষ্টা করতে চাইছে অর্জুন সিং। এই খুনের ঘটনা আসলে পারিবারিক বিবাদ, এতে তৃণমূল কোনও ভাবেই জড়িত না।”


