আমাদের ভারত, দুর্গাপুর, ১৯ ডিসেম্বর: রবিবার কলকাতা পুরসভার ভোট গ্রহণকে কেন্দ্র করে সকাল থেকেই কলকাতা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে শুরু হয় গন্ডগোল। আর এই গন্ডগোলের খবর ছড়িয়ে পড়তেই রাজ্যজুড়ে শুরু হয়ে যায় রাজনৈতিক উত্তাপ। রবিবার কলকাতায় পৌরসভার নির্বাচনে বিজেপি কর্মীদের ওপর হামলা এবং নানান জায়গায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ তুলে রাজ্যজুড়ে বিজেপির কর্মী-সমর্থকরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। এই ঘটনার প্রতিবাদে করে রবিবার দুপুরের ডিএমসি মোড়ের ২ নম্বর জাতীয় সড়ক অবোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী-সমর্থকরা। এদিন বিজেপি কর্মীরা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয়।

বিজেপি নেতা চন্দ্র শেখর ব্যানার্জির অভিযোগ, কলকাতায় রবিবার যে পুরসভার ভোট গ্রহণ চলেছে তাতে বিভিন্ন এলাকায় সন্ত্রাস চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। কোথাও বিজেপি সমর্থকদের মারধর করা হয়েছে আবার কোথাও ভোট না দেওয়ার জন্য ভয় দেখায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। রাজ্যের পুলিশ তৃণমূলের দলদাস হিসেবেই কাজ করছে। এরই প্রতিবাদে তারা রাস্তা অবরোধ করে প্রতিবাদে সামিল হয়েছেন।

