সাথী দাস, পুরুলিয়া, ৭ মার্চ: দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপর হামলার প্রতিবাদে পুরুলিয়ায় বিক্ষোভ দেখাল বিজেপি। পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপি জেলা সভাপতি বিবেক রাঙা। ওই ঘটনার তীব্র প্রতিবাদ করে রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দেন বিজেপি নেতারা। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। ছিলেন বিজেপির পুরুলিয়া শহর দক্ষিণ মন্ডলের সভাপতি সত্যজিৎ অধিকারি, মহিলা মোর্চার জেলা সভানেত্রী কাবেরী চ্যাটার্জি প্রমুখ নেতৃত্ব।
প্রসঙ্গত, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কনভয়ে হামলার অভিযোগ উঠে। রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে। দলীয় কর্মসূচিতে যোগ দিতে তিনি দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে যাচ্ছিলেন। সেই সময় তাঁর কনভয়ে আক্রমণ ও অবরোধের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার।

