জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ ফেব্রুয়ারি: মেদিনীপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বিজেপির ফ্লেক্স, ফেস্টুন, ব্যানার ছেঁড়া ও তাদের কার্যকর্তাদের ভয় দেখানো সহ বিভিন্ন ঘটনার প্রতিবাদে শুক্রবার দুপুরে জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি।
দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর অসন্মান জনক ব্যঙ্গ চিত্র প্রদর্শন এবং বিজেপি সমর্থিত ভোটারদের হুমকি দেওয়ারও অভিযোগ তোলা হয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার দুপুর এক টায় মেদিনীপুর পৌরসভার ২৫ জন প্রার্থীকে নিয়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেয় পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি নেতৃত্ব।
জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভরত প্রার্থীরা ১, ৮, ১০, ১৮ ও ২৫ নম্বর সহ বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীদের পোস্টার ব্যানার ফেস্টুন ছিঁড়ে দেওয়ার এবং ভয় দেখানোর অভিযোগ তুলে স্লোগান দেন।
এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিশ্র, সাধারণ সম্পাদক শঙ্কর গুছাইত সহ একাধিক নেতৃত্ব। প্রায় এক ঘন্টা অবস্থান বিক্ষোভ করার পর জেলাশাসককে স্মারকলিপি দিয়ে বিক্ষোভ তুলে দেন বিজেপি নেতৃত্ব।

