সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৪ ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা মেরামতের জন্য প্রায় ৭ কোটি টাকা বরাদ্দ হয়েছে, অথচ সঠিক ভাবে কাজ হচ্ছে না। একদিকে রাস্তা মেরামত হচ্ছে তো অপরদিকে পিচ উঠে যাচ্ছে, গর্ত- খানাখন্দ তৈরি হচ্ছে। এই অভিযোগ তুলে আজ জুনকুড়া মোড়ে রাস্তা অবরোধ করে প্রতিবাদে সামিল হলো বিজেপি কর্মী সমর্থকরা। এই অবরোধে সিমলাপাল থেকে মাচাতোড়া যাওয়ার রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে।

এই আন্দোলনের নেতৃত্ব পিনাকী রঞ্জন মহান্তি বলেন যে, মাচাতোড়া গ্রাম পঞ্চায়েতের ৪০ থেকে ৪২টি গ্রামের বাসিন্দা এই রাস্তা ব্যবহার করেন৷ এই গ্রামগুলির বাসিন্দাদের হাসপাতাল, বিডিও অফিস, থানা, পোষ্টঅফিস, বাস ধরার জন্য এই রাস্তা ব্যবহার করে সিমলাপালে আসতে হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা। এই রাস্তা মেরামতের জন্য ৬৪৪.১৫ লক্ষ টাকা ও ৫ বছর রক্ষণাবেক্ষণের জন্য ৭৫ লক্ষ ৮৩ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। এই মেরামতের কাজ শুরু হয়েছে গত বছর মার্চ মাস থেকে। একদিকে রাস্তা মেরামত হচ্ছে আর অন্য দিকে রাস্তা নষ্ট হচ্ছে। একদিকে রাস্তা তৈরি হচ্ছে অন্যদিকে নষ্ট হয়ে যাচ্ছে। পিচ করা হচ্ছে আর উঠে বেহাল হয়ে পড়ছে।
আন্দোলনকারীরা জানান যে, তারা মাচাতোড়া, কমলা, শুশুনিয়া, কাহারান, তরুপুর, গাঁড়রা, পাথর ডাঙ্গা, কেন্দবেড়িয়া, বাঁশকানালি, জিরা বাইদ, বাঁধাগাল, তপবাইদ, আমাকোন্দা, পুরুলিয়া, মেমোরি, জুনকুড়িয়া, তেঁতুলিয়া, শুক্লাবাইদ, ভাদুলডোবা সহ ২০-২২টি গ্রাম থেকে এসেছেন। মাধ্যমিক পরীক্ষার সময় একটি টোটো উল্টে কয়েকজন পরীক্ষার্থী আহত হয়। এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচলে করে। তারা চান না বড় দুর্ঘটনা ঘটুক। নিয়মিত দুর্ঘটনা ঘটেই চলেছে।

এই আন্দোলনে ৬০ ঊর্দ্ধ সবিতা মহান্তি জানান যে, তার নাতি অনিরুদ্ধ এই রাস্তায় স্কুল যাবার সময় পড়ে গিয়ে আহত হন। তাই তিনি আন্দোলনে সামিল হয়েছেন। রাস্তাটি মেরামতে যথেষ্ট টাকা দেওয়া হয়েছে। তারা কাজও সেরকমই ভাল চান। সঠিক ভাবে কাজ না হলে জোরদার আন্দোলনে নামবেন তারা।

