সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩ নভেম্বর: রেশন দুর্নীতি কান্ডের নায়ক প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যেতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বাঁকুড়ায় বিক্ষোভ দেখালো বিজেপি। তারা জ্যোতিপ্রিয় মল্লিকের কুশপুত্তলিকা দাহ করে।

আজ সকাল ১১টা নাগাদ লালবাজার থেকে এক বিশাল মিছিল করে বিজেপি কর্মীরা মাচানতলা মোড়ে উপস্থিত হয়। এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সুনীল রুদ্র মন্ডল বলেন, মানুষের খাবার কেড়ে নিয়ে যিনি প্রতারণা করেছেন, এতবড় দুর্নীতি করার পরেও তাকে কেন মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হয়নি? এটাও জনগণের সঙ্গে প্রতারণা। রেশন দুর্নীতির জেরে যে মন্ত্রী জেলে তার দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানাচ্ছি আমরা।
সেই প্রসঙ্গে তিনি বলেন, শুধুমাত্র বাঁকুড়া জেলাতেই সাড়ে পাঁচ লক্ষের মত ভুয়ো রেশন কার্ড রয়েছে। এর মধ্যে ৬৮ হাজার কার্ড মৃত্যু জনিত কারণে অবৈধ হয়েছে, বাকি প্রায় সাড়ে তিন লক্ষের মতো ভুয়ো। শুধুমাত্র বাঁকুড়া জেলাতেই যদি এই পরিমাণ ভুয়ো রেশন কার্ড থাকে তবে সারা পশ্চিমবঙ্গে কত ভুয়ো কার্ড রযেছে তা অনুমান করা যায়। জ্যোতিপ্রিয়কে অবিলম্বে মন্ত্রিসভা থেকে হঠানো না হলে বিজেপি বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
আজকের বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়, প্রাক্তন জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র। বাঁকুড়া সদর কেন্দ্রের বিধায়ক নিলাদ্রী দানা এদিন অনুপস্থিত থাকায় কর্মী মহলে চাপা গুঞ্জন শোনা যায়।

