স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৫ মার্চ: কোচবিহারের দিনহাটার বিজেপি মন্ডল সভাপতি অমিত সরকারের রহস্যজনক মৃত্যুর ঘটনার পূর্নাঙ্গ তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে রায়গঞ্জ শহরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো উত্তর দিনাজপুর জেলা বিজেপি। বুধবার দিনহাটায় বিজেপি নেতা অমিত সরকারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে খুন করে ঝুলিয়ে দিয়েছে। যেমনভাবে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ বিধানসভার বিজেপি বিধায়ককে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেপ্তার ও ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে বৃহস্পতিবার রায়গঞ্জ শহরের নেতাজী সুভাষ রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় উত্তর দিনাজপুর জেলা বিজেপি।

বিক্ষোভকারী বিজেপি যুব মোর্চার জেলা সহ সভাপতি অভিজিৎ রায় জানিয়েছেন, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কয়েকশো বিজেপি কার্যকর্তা ও কর্মীদের খুন করে চলেছে। দিনহাটায় বিজেপি নেতা অমিত সরকারকে খুন করে ঝুলিয়ে দিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের দাবিতে রায়গঞ্জ শহরে পথ অবরোধ কর্মসূচি পালন করা হল।

