সাথী দাস, পুরুলিয়া, ১৯ ডিসেম্বর: আবাস যোজনার দুর্নীতির অভিযোগ তুলে কোথাও বিডিওকে ঘেরাও, কোথাও পঞ্চায়েতে বিক্ষোভ আবার কোথায়ও পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মী সমর্থক এবং বঞ্চিত সাধারণ মানুষের। পুলিশের ব্যারিকেড ভেঙ্গে বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ। দিনভর এই চিত্র দেখা গেল পুরুলিয়া জেলা জুড়ে।

পুরুলিয়া ২ নম্বর ব্লকের বাইরে পুলিশ এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশের ব্যারিকেড ভেঙ্গে বিডিও অফিসে ঢুকে পড়ল বিজেপি সমর্থকরা। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে সোমবার বিজেপির নেতৃত্বে বঞ্চিত সাধারণ মানুষজন পুরুলিয়া ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসের বাইরে অবস্থান বিক্ষোভে সামিল হয়। বিডিও অফিস ঢোকার মুখে পুলিশের ব্যারিকেড করা হয়। সেই ব্যারিকেড ভেঙ্গে ব্লক অফিস চত্বরে ঢুকে পড়লেন বিজেপি কর্মী ও বঞ্চিতরা। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয়।

আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে সোমবার পঞ্চায়েত অফিসের বাইরে বিক্ষোভ বঞ্চিত সাধারণ মানুষজনদের। তাদের দাবি, যোগ্য ব্যক্তিদের আবাস যোজনার সুবিধা প্রদান করতে হবে। এই দাবিতে এই তৃণমূল পরিচালিত লাগদা গ্রাম পঞ্চায়েত অফিসে তৃণমূল সদস্য এবং পঞ্চায়েত কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখান বঞ্চিত গ্রামবাসীরা। খবর পেয়ে পুরুলিয়া মফঃস্বল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। অবশেষে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি।
অন্যদিকে, রঘুনাথপুর, পুরুলিয়া ১ নম্বর ব্লকেও আবাস দুর্নীতির অভিযোগ তুলে ব্লক অফিসের বাইরে অবস্থান বিক্ষোভে সামিল হয় বঞ্চিত সাধারণ মানুষ। প্রতিবাদে সামিল হয়েছে বিজেপি।

