রামনবমীর শোভাযাত্রায় হামলার প্রতিবাদে পুরুলিয়ায় থানায় থানায় বিজেপির বিক্ষোভ

সাথী দাস, পুরুলিয়া, ৩ এপ্রিল: রাম নবমী উপলক্ষে দিলীপ ঘোষের পরিচালনায় শোভাযাত্রায় দুষ্কৃতী হামলার প্রতিবাদে পুরুলিয়া জেলার বিভিন্ন থানায় বিক্ষোভ দেখাল বিজেপি। আজ দুপুরে পুরুলিয়া সদর থানায় বিজেপির সাংগঠনিক শহর মণ্ডল এই কর্মসূচির আয়োজন করে। সেখানে জেলা নেতৃত্ব ও বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব যোগ দেন।

রবিবার হুগলির রিষড়াতে রামনবমীর শোভা যাত্রায় হামলার অভিযোগ উঠেছে। শোভা যাত্রার নেতৃত্বে ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। মিছিল লক্ষ্য করে হঠাৎ ইট বৃষ্টি শুরু হয় বলে অভিযোগ। তারপর বোমা পড়তে থাকে। দিলীপ ঘোষের গাড়ির সামনেও বোমা পড়ে বলে অভিযোগ। ঘটনায় কয়েকজন আহত হন। পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ করেন বিজেপি নেতৃত্ব।

বিজেপির পুরুলিয়া শহর (দক্ষিণ) মণ্ডলের সভাপতি, সত্যজিৎ অধিকারী বলেন, “পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত এই হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই ভাবে হামলার ঘটনা ঘটতে থাকলে আরও বৃহত্তর আন্দোলন করব আমরা। আজ থানায় স্মারকলিপি দেওয়া হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *