আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৯ মার্চ : বিজেপির দলীয় কর্মীকে মারধরের ঘটনায় তমলুক থানা ঘেরাও করে অবস্থান-বিক্ষোভ বিজেপি নেতা, কর্মী ও সমর্থকদের। রাত আটটা থেকে এই ঘেরাও চলে।
যত ভোট আসছে ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে পূর্ব মেদিনীপুর জেলায়। আগামী ২১ মার্চ তমলুক সাংগঠনিক জেলার বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে একটি বৈঠকে করতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ তমলুকের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর জন্য হেলিপ্যাড তৈরি করাকে কেন্দ্র বিজেপি কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ বিজেপির তৃণমূলের বিরুদ্ধে। সেই মারধরের ঘটনার প্রতিবাদে আজ রাত ৮ টা থেকে ১০ টা পর্যন্ত তমলুক থানা ঘেরাও করে অবস্থান-বিক্ষোভ করেন বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি কর্মী সমর্থকদের মূলত দাবি যারা বিজেপি কর্মী সমর্থকদের মারধর করেছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আর এই গ্রেফতারের দাবিতে অবস্থান-বিক্ষোভ বলে জানান বিজেপি নেতৃত্ব।

প্রায় দু’ঘন্টা থানা ঘেরাও করে বিক্ষোভ চলার পরে থানায় আসেন তমলুক মহকুমা পুলিশ আধিকারিক। বিজেপি নেতাদের সঙ্গে পুলিশ আধিকারিকদের বেশ কিছুক্ষণ বৈঠকের চলে। বৈঠকে দোষীদের ধরার প্রতিশ্রুতি দিলে অবস্থান-বিক্ষোভ ওঠে এবং থানা ঘেরাও মুক্ত হয়। বিজেপি তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুন নায়েক জানিয়েছেন, আগামীকালের মধ্যে দোষীদের গ্রেফতার না করা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

