জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৮ সেপ্টেম্বর: রাস্তা সংস্কারের দাবিতে এবং বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করার প্রতিবাদে মঙ্গলবার ঘাটাল শহরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে বিজেপি। ঘাটাল উত্তর মণ্ডল কমিটির পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। পথসভায় উত্তর মন্ডলের সভাপতি তারক বেরা ও অন্যান্য বিজেপি নেতৃত্ব বক্তব্য রাখেন। এদিনের প্রতিবাদ পথসভায় কেন্দ্রীয় সরকারের আবাস যোজনায় এবং শৌচালয় নির্মাণে তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তোলা হয়। বিজেপি নেতারা সেই কাটমানির টাকা অবিলম্বে ফেরত দেওয়ার দাবি জানান।

তারক বেরা সহ অন্যান্য বিজেপি নেতারা বলেন, তৃণমূলের বর্তমান নেতারা কয়েক বছর আগেও সাইকেলে করে ঘুরে বেড়াতেন। সাইকেল খারাপ হলে মেরামতি করারও পয়সা ছিল না তাদের। এখন সেই তৃণমূল নেতারাই গরিব মানুষদের কাছ থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের কাটমানি নিয়ে নিয়ে এসি গাড়িতে ঘুরছেন। তিন তলা বাড়িতে থাকছেন। তৃণমূলের এই দুর্নীতি দেখে বিজেপির এরকম বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণকারী হাজার হাজার মানুষই আগামী বিধানসভায় পরিবর্তন আনবেন। সেই সময় ঐসব তৃণমূল নেতাদের কাছে জবাব চাইবো, কোথায় পেলেন এত লক্ষ লক্ষ টাকা?
তবে বিজেপির এদিনের এই বিক্ষোভ পথসভায় নেতাকর্মীদের মাস্ক ব্যবহার কিংবা সামাজিক দূরত্ব বজায় রাখার কোনও বালাই ছিল না বলে জানা গেছে।

