সাথী দাস, পুরুলিয়া, ১০ অক্টোবর: কলকাতার মোমিনপুর যাওয়ার পথে দলীয় রাজ্য সভাপতিকে আটকের প্রতিবাদে বিক্ষোভ জানাল পুরুলিয়া জেলা বিজেপি। আজ স্থানীয় বিধায়ক সুদীপ মুখার্জির নেতৃত্বে পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে দলীয় কর্মসূচিতে যোগ দেন পদাধিকারী ও বিজেপি কর্মী সমর্থকরা। রাজ্য সভাপতিকে অন্যায়ভাবে আটক করার অভিযোগ করে গর্জে উঠেন বিধায়ক সুদীপ। তিনি বলেন, “কলকাতার মোমিনপুর এলাকায় জেহাদিদের অত্যাচারে প্রচুর হিন্দু ঘর ছাড়া হয়েছেন। এই ঘটনায় রাজ্য সরকারের কোনও মন্ত্রী, শাসক দলের নেতারা প্রতিবাদ জানাননি। আমরা প্রয়োজন হলে নিজেরা এর মোকাবিলা করব।”

প্রসঙ্গত, সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে কলকাতার মোমিনপুর এলাকা। উত্তেজনাপূর্ণ এলাকা পরিদর্শনে রওনা হতেই চিংড়িঘাটায় আটক হন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। চিংড়িহাটায় গার্ডরেল দিয়ে আটকানো হয় পথ। তারপর প্রিজন ভ্যানে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয় লালবাজার। সুকান্ত মজুমদারের সঙ্গে ছিলেন রাজ্যের দলীয় সচিব উমের রাই এবং বিজেপি নেতা আর কে হান্ডা।

