পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ জানুয়ারি: নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও ‘ফর্ম সেভেন’ জমা নেওয়া হচ্ছে না—এই অভিযোগকে সামনে রেখে শুক্রবার মেদিনীপুরে ডিএম অফিসের সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে বসে বিজেপি নেতা ও কর্মীরা।
বিজেপির অভিযোগ, ফর্ম সেভেন জমা দিতে গেলে নির্বাচন দপ্তরের পক্ষ থেকে তা গ্রহণ করা হচ্ছে না। শুধু তাই নয়, দলীয় কর্মী ও সমর্থকদের বারবার ডেকে হেনস্থা করা হচ্ছে বলেও দাবি করা হয়েছে। এদিন ফর্ম জমা দেওয়ার শেষ দিন হলেও সকাল থেকে একাধিকবার চেষ্টা করেও ফর্ম জমা নেওয়া হয়নি বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়।

এর প্রতিবাদে বিজেপি নেতা ও কর্মীরা ডিএম অফিসের সামনে শান্তিপূর্ণ অবস্থান-বিক্ষোভে বসেন। বিক্ষোভকারীদের বক্তব্য, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার স্বার্থেই তারা এই আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। অবিলম্বে ফর্ম সেভেন গ্রহণের ব্যবস্থা না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
যদিও এই বিষয়ে নির্বাচন দপ্তরের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়।

