সাথী দাস, পুরুলিয়া, ১১ জুন: রাজ্য সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদে রবিবার রাজ্যজুড়ে প্রতিবাদ আন্দোলন শুরু করল বিজেপি। আজ পুরুলিয়ায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে আসেন রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুরুলিয়ার বলরামপুরের জনসভার পর সেই কথা জানিয়ে দিলেন তিনি। তখনই দলীয় এই সিদ্ধান্তের কথা জানিয়ে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, “এই আন্দোলন জারি থাকবে। কাল হাওড়া গ্রামীণ কার্যালয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হবে।”

প্রসঙ্গত, হাওড়া যাওয়ার পথে দ্বিতীয় হুগলি সেতুর টোলপ্লাজার কাছে বিজেপি রাজ্য সভাপতি সহ তাঁর সঙ্গে থাকা প্রায় ৪০ জন কর্মীকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার পরই রাজ্যপালের সঙ্গে দেখা করে বিজেপির একটি প্রতিনিধি দল। রাজ্য সভাপতিকে অন্যায়ভাবে গ্রেফতারের অভিযোগ তোলে বিজেপি। এরই প্রতিবাদে আন্দোলন বিজেপির। পুরুলিয়ায় আজই প্রতিবাদ আন্দোলন করে বিজেপি বলে জানান জেলা সভাপতি বিবেক রাঙা।

