নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২১ মার্চ: সোনার বাংলা গঠন অলীক কল্পনা নয়। রবিবার সল্টলেকে রাজ্য বিজেপির নির্বাচনী ইশতেহার প্রকাশ করে এই কথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোনার বাংলা গঠনে বাংলার স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানো জরুরি বলে মনে করেন তিনি।

তাই ভোটের মুখে বাংলাতে আরও তিনটি এইমস করার প্রতিশ্রুতি নির্বাচনী ইস্তেহারে দেওয়া হয়েছে। বর্তমানে রাজ্যে একটি এইমস রয়েছে। নদিয়ার কল্যাণীতে কেন্দ্রীয় সরকার একটি এইমস তৈরি করেছে। নির্বাচনের সময় রাজ্যে আরও তিনটি তৈরি করার কথা জানালেন অমিত শাহ। তার মধ্যে একটি উত্তরবঙ্গে তৈরি করা হবে। উত্তরবঙ্গে এইমস তৈরি করার দাবি দীর্ঘদিনের। প্রাক্তন প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সি রায়গঞ্জে এইমস তৈরি করতে চেয়েছিলেন। রাজ্য সরকার না চাওয়ায় তা হয়নি।

উত্তরবঙ্গের নির্বাচনের অন্যতম ইস্যু ওই কেন্দ্রীয় হাসপাতাল। এবারও কংগ্রেস রায়গঞ্জ এইমস তৈরি করার কথা বার বার বলেছে। উত্তরবঙ্গের মাটিতে নিজেদের ভোটব্যাঙ্ক ধরে রাখতে বিজেপির সবথেকে বড় ভরসা এমস। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে বড় জয় পেয়েছে বিজেপি। একটি আসন বাদে সবকটি আসনে রয়েছে বিজেপি সাংসদ। আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে ৪৫টি আসন টার্গেট করে এগিয়েছে বিজেপি। তার জন্যই উত্তরবঙ্গে এইমস তৈরির প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ।


