বিজেপির পঞ্চায়েত সদস্যার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে পাণ্ডবেশ্বর থানার সামনে ধরনা

জয় লাহা, দুর্গাপুর, ৮ আগষ্ট: ফের হিংসার অভিযোগ। বাড়ি ফিরতেই বিজেপির পঞ্চায়েত সদস্যার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে থানার সামনে ধর্নায় বসলেন আক্রান্ত বিজেপির ওই মহিলা পঞ্চায়েত সদস্যা। রবিবার ঘটনাটি ঘটেছে পান্ডবেশ্বরের কেন্দ্রা এলাকায়। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

  উল্লেখ্য, গত ২ মে রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের ওপর আক্রমনের অভিযোগ ওঠে। এরকমই হামলার শিকার হন পান্ডবেশ্বরের কেন্দ্রা পঞ্চায়েতের ৩ নং সংসদের বিজেপির পঞ্চায়েত সদস্যা নিলম সিং। ওইদিন রাত্রে তাঁর বাড়িতে বেপরওয়া ভাঙ্গচুর ও লুটপাঠ হয় বলে অভিযোগ। প্রাণভয়ে পরদিন বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান।

সম্প্রতি হাইকোর্টের নির্দেশের পর আক্রান্ত ঘরছাড়া বিজেপিকর্মীরা বাড়ি ফিরতে শুরু করে। ঘটনায় জানা গেছে, শনিবার দুপুরে বিজেপির পঞ্চায়েত সদস্যা নিলম সিং পান্ডবেশ্বর ছাতাধ্যাওড়ার বাড়িতে ফেরেন। নিলমদেবী জানান, “বাড়ির আশপাশ ঝোপজঙ্গলে ভর্তি। বাড়ি থেকে সব লুট করে নিয়েছে। তারমধ্যেই কোনওভাবে ফিরেছিলাম। কিন্তু সন্ধ্যা নাগাদ তৃণমূলের কয়েকজন বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে চলে যায়। বর্ষায় রাতভর বৃষ্টি। তার ওপর অন্ধকারে কোনওভাবে রাত কাটে। সকালে অভিযোগ জানানো হয়।” এরপর তিনি থানার সামনে ধর্নায় বসেন।

তিনি বলেন, “রাজ্যে মহিলাদের এ কেমন সুরক্ষা? হিংসার রাজনীতি করছে তৃণমূল। তাই তাঁর প্রতিবাদে ও পুনরায় বিদ্যুৎ সংযোগের দাবিতে থানায় ধর্নার বসেছি।” বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারী বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা। এভাবে একজন মহিলা পঞ্চায়েত সদস্যার ওপর অত্যাচার করে তৃণমূল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করছে।” যদিও স্থানীয় তৃণমূল নেতা সুজিত মুখার্জি অভিযোগ অস্বীকার করে বলেন, “মিথ্যা অভিযোগ। দলের স্পষ্ট নির্দেশ আছে, নির্বাচন হয়ে গেছে। এলাকায় কোনওরকম অশান্তি করা চলবে না। পুলিশ তদন্ত করুক।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *