স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১১ মে:
দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে বিক্ষোভের মুখে পড়তে হল। তৃণমূল কংগ্রেস সমর্থকরা এই বিজেপি নেতাদের কালো পতাকা দেখায়। এই ঘটনাকে কেন্দ্র করে চোপড়া থানা চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

ভোট পরবর্তী হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াতে আজ দার্জিলিং জেলার বিজেপি সাংসদ রাজু বিস্তা এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ চোপড়ায় আসেন। চোপড়া থানার সামনে এদিন তৃণমূল কংগ্রেস সমর্থকরা জড়ো হয়েছিলেন। বিজেপি নেতারা সেখানে পৌছাতেই তৃণমূল কংগ্রেস সমর্থকরা বিক্ষোভ শুরু করেন। বিজেপি নেতাদের গো ব্যাক শ্লোগান এবং কালো পতাকা দেখানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হয়।

সাংসদ রাজু বিস্তা জানান, ভোট পরবর্তী হিংসায় ৪২টি ঘটনা ঘটেছে। বহু বাড়ি ঘর ভেঙ্গে দেওয়া হয়েছে। বহু মানুষকে মারধর করা হয়েছে, বহু মানুষ ঘরছাড়া, বাড়ি থেকে জিনিসপত্র লুঠপাটের ঘটনা ঘটেছে। পুলিশ এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে। পুলিশকে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে। পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেস হতাশার থেকে এই কাজ করছে বলে রাজু বিস্তা জানিয়েছেন।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নির্বাচনের পর থেকে সাংসদকে এই এলাকায় দেখা যায়নি। তিনি একবার এখানে এসে এলাকায় দাঙ্গা লাগাবার চেষ্টা করেছিলেন। সাংসদ এসেই দাঙ্গা লাগাবার উস্কানি দেন। তাই সাংসদের বিরুদ্ধে তাদের এই বিক্ষোভ।

