সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৫ জুলাই: আর মাত্র দু’দিন বাদেই ভোট। সারা গ্ৰাম বাংলা মুখিয়ে পঞ্চায়েত নির্বাচনের দিকে।প্রচার পর্বও প্রায় শেষের দিকে। সমস্ত রাজনৈতিক দল প্রচারে ব্যস্ত। আর এই মুহূর্তে সারা হীড়বাঁধ ব্লক ঘুরে প্রচারে ঝড় তুললেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার।

বাঁকুড়া জেলার হীড়বাঁধ ব্লকে দুটি জেলা পরিষদ আসনে বিজেপির প্রার্থী যথাক্রমে ১৪নং আসনে প্রপিলা হাঁসদা ও ১৫নং আসনে বিবেকানন্দ মুর্মু প্রতিদ্বন্দ্বিতা করছেন।জেলা পরিষদের এই দুই প্রার্থী সহ পঞ্চায়েত সমিতি ও গ্ৰামপঞ্চায়েতগুলিতে বিজেপি প্রার্থীদের সমর্থনে আজ সকাল থেকেই গ্ৰামে গ্ৰামে ঘোরেন তিনি। গ্ৰামবাসীদের খোঁজ খবর নেন, অভাব অভিযোগ শোনেন তিনি।

প্রচারে কখনও সমর্থকদের সাথে শ্লোগানে গলা মিলিয়ে, কোথাও ব্যান্ডপার্টির তালে তালে ঝুমঝুমি বাজিয়ে আলোড়ন ফেলে দেন। প্রতিটি গ্ৰামে গিয়ে তিনি উন্নত পঞ্চায়েত গড়ার স্বার্থে বিজেপি প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান। শেষ মুহূর্তে সুভাষবাবুর প্রচারে উৎসাহিত কর্মী সমর্থকরা।

স্হানীয় বিজেপি কর্মীদের বক্তব্য, সুভাষবাবু যেভাবে সারা এলাকায় আলোড়ন তুললেন তাতে আমাদের মনোবল তুঙ্গে। আর এলাকার বাসিন্দারাও সাংসদকে কাছে পেয়ে খুশি।

