প্রতীতি ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩ জুন: ভাটপাড়া এলাকায় রাতভর চলা দুষ্কৃতী তাণ্ডবের জেরে অশান্ত হয়ে ওঠা এলাকাগুলি ঘুরে দেখলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং ও ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং।
বুধবার গভীর রাতে ভাটপাড়া পৌরসভা ১৭ নম্বর ওয়ার্ডের মমিনপারা এলাকায় তাণ্ডব চালালো এক দল দুষ্কৃতী। এদিন দুষ্কৃতীরা এই এলাকার বেশ কয়েকটি ঘরবাড়ি এবং দোকান ভাঙ্গচুর চালায় ও লুটপাট করে। এই দুষ্কৃতীরা কে বা কারা তা বুঝে উঠতে পারছে না এলাকার মানুষ। এই দুষ্কৃতী তাণ্ডবের জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। অন্যদিকে এই দুষ্কৃতী তাণ্ডবের পাশাপাশি বুধবার গভীর রাতেই জগদ্দল বাজার এলাকায় বেশ কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটে। দুষ্কৃতীরা জগদ্দল বাজারের বেশ কয়েকটি দোকানের চাল ভেঙ্গে ঢুকে চুরি করে। আবার কোথাও তালা ভেঙ্গে দোকানে লুটপাট চালায় বলে অভিযোগ।
প্রসঙ্গত, নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পর থেকে ভাটপাড়া ও জগদ্দলের বিভিন্ন এলাকা বোমাবাজি, বাড়ি ভাঙ্গচুর, লুঠ পাটের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে। এলাকাবাসীদের তরফ থেকে বারবার পুলিশের কাছে এই বিষয়ে সাহায্য চাওয়া হলেও কোনও লাভ হয়নি বলে এলাকাবাসীর দাবি। ফলে আতঙ্কের মধ্যেই দিন কাটছে তাদের। আবার এই সমস্ত এলাকার বহু মানুষ ঘর ছাড়া হয়ে রয়েছেন। এই দুষ্কৃতী তাণ্ডবের কথা জানতে পেরে বৃহস্পতিবার ঘটনাস্থল পরদর্শন করতে যান ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। এদিন তার পুত্র ভাটাপাড়া বিধানসভার বিধায়ক পবন সিং ও অর্জুন সিংয়ের সাথেই বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। সেই সঙ্গে তারা দুজনেই এলাকার আতঙ্কিত মানুষদের সাথে কথা বলে।

বিধায়ক পবন সিং গোটা ঘটনা নিয়ে পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন দুজনেই এই পরিস্থিতিকে রাজ্য সরকারের কাছে অবিলম্বে শান্তি ফেরানোর আর্জি জানান তারা তা না হলে আগামী দিনে জনরোষের সৃষ্টি হবে বলে জানিয়েছে পবন সিং।
এদিন সাংসদ অর্জুন সিং বলেন, “এই ভাবে রোজ লুটপাট চালানো হচ্ছে যে সাধারণ মানুষ অতিষ্ট হয়ে ভাবতে শুরু করেছে যে এই সরকারের অদৌও আসা উচিত না। পুলিশের সামনে তাণ্ডব চালাচ্ছে দুষ্কৃতীরা, আর পুলিশ কোনও পদক্ষেপ নিচ্ছে না উল্টে মানুষ প্রতিবাদ করতে গেলে সেই সাধারণ মানুষদের কে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হচ্ছে।”
এদিন বিধায়ক পবন সিং বলেন, “এই ভাবে অত্যাচার চলছে যে আগামী দিনে মানুষ নিজেদের হাতে আইন তুলে নেবে। কারণ পুলিশকে বারবার বলেও লাভ হচ্ছে না। মানুষ এখানে নিজেদের পছন্দ অনুযায়ী ভোট দিয়েছে কিন্তু তার জন্য কারোর ওপর এমন অত্যাচার করা ঠিক নয়। আমি আবেদন করবো যাতে এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে ব্যবস্থা নিক প্রশাসন।” ভাটপাড়া এলাকায় চলা এই দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।

