তৃণমূলকে জবাব বিজেপির, ত্রিপুরার পাল্টা দিতে বাংলার সন্ত্রাস নিয়ে সংসদ ভবনের বাইরে সরব দিলীপ ঘোষরা

আমাদের ভারত, ১১ আগস্ট:ত্রিপুরার সন্ত্রাস নিয়ে সংসদ ভবনের বাইরে দাঁড়িয়ে তৃণমূল গলা ফাটিয়ে বিক্ষোভ দেখিয়েছিল দুদিন আগেই। ঠিক সেখানেই আজ দিলীপ ঘোষরাও তৃণমূলের বিরুদ্ধে বাংলায় সন্ত্রাসের অভিযোগে গলা ফাটালেন। বিক্ষোভ দেখালেন বাগনানে গণধর্ষণ এবং বাংলার সন্ত্রাস নিয়ে।

বাগনানে বিজেপি কর্মীর স্ত্রীকে গণধর্ষণের ঘটনার বিরুদ্ধে আজ সংসদ ভবনে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান বাংলার বিজেপি সাংসদরা। দিলীপ ঘোষের নেতৃত্বে সংসদ ভবনের বিক্ষোভে সামিল হোন বিজেপি সাংসদরা। দিলীপ ঘোষ বলেন, “বাংলায় নারকীয় শাসন চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। একদিকে গত চার পাঁচ বছরে আমাদের ১৮৫ জন কর্মীকে খুন করা হয়েছে, ৩৫ হাজার মিথ্যা মামলায় কয়েক হাজার কর্মীকে ফাঁসানো হয়েছে। সাজানো মামলা দিয়ে জেলে ঢুকিয়ে রাখা হয়েছে কর্মীদের। অন্যদিকে মহিলাদের ওপর চলছে নির্মম অত্যাচার। অথচ বাংলার মহিলা মুখ্যমন্ত্রী বলছেন কিছু হয়নি।”

দিলীপ ঘোষ আরও বলেন,” এই সময়ের মধ্যে রাজ্যে অন্তত ৫০ জন মহিলার ওপর নির্যাতন চালানো হয়েছে। কোথাও তারা ভয়ে থানায় পৌঁছাতে পারছেন না, আবার কোথাও নির্যাতিতারা সাহস করে থানায় গেলেও পুলিশ তাদে অভিযোগ গ্রহণ না করে বাড়ি ফিরিয়ে দিচ্ছেন। এটাই আজকের বাংলার অবস্থা”।

দুদিন আগে দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহার, জয়া দত্তদের উপর ত্রিপুরার হামলার ঘটনায় বিক্ষোভ দেখিয়েছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। আজ সেখানেই বাংলা সন্ত্রাস নিয়ে সরব হলেন দিলীপ ঘোষেরা। ত্রিপুরার ঘটনাকে যেমন ভাবে জাতীয় স্তরে আনতে চেয়েছিল তৃণমূল ঠিক একই কায়দায় বাংলার অবস্থাকেউ জাতীয় স্তরে তুলে ধরার চেষ্টা করল আজ বিজেপিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *