নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৫ মে:
রাজ্যপালের কাছে শপথ নেওয়ার আগে দলীয় বিধায়কদের শপথ বাক্য পাঠ করালো বিজেপি। বুধবার কলকাতায় বিজেপির হেস্টিংসের অফিসে সদ্য নির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করালেন দিলীপ ঘোষ। শপথ বাক্য পাঠের সময় উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

সকাল দশটা নাগাদ বিজেপির নবনির্বাচিত বিধায়করা সকালেই উপস্থিত হন। শুভেন্দু অধিকারী, মুকুল রায়রা শপথ নিলেন। শপথ নিয়ে নবনির্বাচিত বিধায়করা বলেন, আমরা দলের আইন মেনে কাজ করব। বিরোধীদলে থেকে মানুষের জন্য কাজ করবো। মানুষের সেবা করব। মানুষের কথা বিধানসভায় তুলে ধরব। মানুষের অভাব অভিযোগ নিয়ে বিধানসভায় লড়াই করব বলে শপথ নিলেন তারা।

শপথ গ্রহণ অনুষ্ঠানের পর এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, মানুষ আমাদের বিরোধী দলের মর্যাদা দিয়েছে। বিরোধী দলে থেকেও কাজ করা যায়। বিরোধী দলে থেকেও মানুষের অভাব অভিযোগ নিয়ে লড়াই করা যায়। দলের নবনিযুক্ত বিধায়করা যাতে সেই কাজ করেন তার জন্যই এই শপথ গ্রহণ অনুষ্ঠান বলে জানিয়েছেন দিলীপ ঘোষ।

