৬ জুলাই নিজ নিজ বিধানসভা এলাকায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি বসানোর উদ্যোগ বিজেপি বিধায়কদের

আমাদের ভারত, ১২ মার্চ: আগামী ৬ই জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। ঐদিন নিজের বিধানসভা কেন্দ্রে সংঘের প্রতিষ্ঠাতা ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মূর্তি বসাবেন বিজেপি বিধায়করা। কারণ শ্যামাপ্রসাদকে নিজেদের আদর্শ বলে মনে করে বিজেপি। ১৯৮০ সালের বিজেপি গঠন হলেও শ্যামাপ্রসাদের ভাবনাকেই ভিত্তি বলে মনে করে ভারতীয় জনতা পার্টি। তাই তার জন্মবার্ষিকী দেশজুড়ে পালন করে বিজেপি। এবার সেই কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার বিজেপি বিধায়করাও। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যোগে শ্যামাপ্রসাদের মূর্তি বসানোর বিষয়ে কাজ করবেন বিধায়করা।

বিরোধী দলনেতার দপ্তর থেকেই সব বিধায়ককে প্রয়োজন মাফিক ফাইবারের শ্যামাপ্রসাদের মূর্তি দেওয়া হবে। এর জন্য নিজেদের প্রয়োজনের কথা বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতন মনোজ টিগ্গাকে জানাতে বলা হয়েছে। ইতিমধ্যে বিধায়করা নিজেদের এলাকায় কতগুলি মূর্তি বসানো যাবে তার হিসেব করে সেই মত জানিয়ে দিয়েছেন।

তবে রাজ্যের বেশিরভাগ পুরসভা, পঞ্চায়েত শাসক দল তৃণমূলের দখলে। তাদের কাছে শ্যামাপ্রসাদের মূর্তি বসানোর অনুমতি চাওয়া হলে কোনো ভাবেই তা পাওয়া যাবে না। বিজেপির বিধায়করা চাইলেই সহজেই নিজের এলাকায় কি শ্যামাপ্রসাদের মূর্তি বসাতে পারবেন? এই প্রসঙ্গে নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী বলেন, পঞ্চায়েত এবং পৌরসভা তৃণমূলের দখলে রয়েছে বলে শ্যামাপ্রসাদের মূর্তি বসানোর অনুমতির নাও দিতে পারেন তারা। কিন্তু কোনো বিধানসভার বিজেপির মন্ডল অফিস এলাকায় থাকা বিজেপির যে কোনো কার্যালয় কিংবা বিধায়কের বাড়ির সামনে শ্যামাপ্রসাদের মূর্তি বসানো যেতেই পারে। বিজেপি বিধায়কের মূর্তি বসানোর উদ্যোগ এখন থেকেই শুরু করতে হবে।

সীমান্তবর্তী এলাকা থেকে জিতে আসা বিজেপির বিধায়কদের শ্যামাপ্রসাদের মূর্তি বসানোর ক্ষেত্রে বিশেষ জোর দিতে বলা হয়েছে। ১৯৪৭ সালে ভারত বিভাজনের পর পশ্চিমবঙ্গের দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার ঘটনার প্রভাব এখনো সীমান্তবর্তী এলাকায় রয়েছে বলেই মনে করা হয়। তাই সেই সমস্ত এলাকায় শ্যামাপ্রসাদের মূর্তি বসিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে তার কৃতিত্ব স্মরণ করিয়ে দেওয়াই লক্ষ্য পদ্ম শিবিরের। যার প্রভাব আগামী লোকসভা নির্বাচনে পেতে পারে বিজেপি বলেমনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *