বিজেপির বিধায়ক ফেসবুকে তৃণমূল নেতা! সত্যেন্দ্রনাথ রায়ের নামে অ্যাকাউন্ট নিয়ে জোর চর্চা দক্ষিণ দিনাজপুরে

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১ সেপ্টেম্বর: বিধায়ক বিজেপির, কিন্তু ফেসবুকে তিনি আজও তৃণমূল নেতা। অন্য একটি অ্যাকাউন্ট খুললেও, রোজ ফলো করেন ফেসবুক অ্যাকাউন্টটি বললেন সত্যেন। অবাক দক্ষিণ দিনাজপুরের মানুষ। গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন রায়ের এমন বিতর্কিত ফেসবুক অ্যাকাউন্টকে ঘিরে এখন জোর চর্চা জেলাজুড়ে। তৃণমূলে থাকাকালীন তৈরি করা ওই ফেসবুক অ্যাকাউন্ট হিসাবে আজও সত্যেন রায় রয়েছেন বংশীহারি ব্লকের তৃণমূল সভাপতি পদেই। শুধু তাই নয় সেই ফেসবুক অ্যাকাউন্ট ভর্তি হয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও তৃণমূলে থাকাকালীন তার বিভিন্ন কার্যকলাপের ছবি। দল পরিবর্তনের পরেও কেন সেই ফেসবুক অ্যাকাউন্টের আজও কোনও পরিবর্তন
হয়নি, যাকে নিয়ে জোর সমালোচনার মুখে পড়েছেন বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। খোদ বিজেপি বিধায়কের এমন কর্মকান্ডকে কটাক্ষ করতে পিছপা হননি তৃণমূল কংগ্রেস নেতৃত্বও। তাদের দাবি সত্যেনবাবু বিজেপিতে গেলেও তার মনটি আজও তৃণমূলেই রয়ে গেছে। আর তাই ফেসবুক অ্যাকাউন্টটি অক্ষত রেখে দিয়েছেন।

দক্ষিণ দিনাজপুর জেলা আইএনটিটিইউসির সভাপতি রাকেশ শীল বলেন, বিজেপিতে থাকলেও সত্যেনবাবু তৃণমূলকে ভুলতে পারেননি। তার মনের মধ্যে আজও তৃণমূল রয়েই গেছে। সেই জন্য ওই অ্যাকাউন্টটি যত্ন করে রেখে দিয়েছেন।

উল্লেখ্য, দীর্ঘদিন তৃণমূলের সাথে যুক্ত থাকা সত্যেন রায় ২০১১ সালে গঙ্গারামপুর থেকে তৃণমূলের হয়েই ভোটে জেতেন। এরপর ২০১৬ বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে হেরে যান তিনি। এরপরে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কিছুটা কোনঠাসা হয়ে পড়েন দলের ভেতরে। বাড়তে থাকে চাপও। পরিস্থিতি কিছুটা বেগতিক বুঝে ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। গঙ্গারামপুর আসন থেকে বিজেপির টিকিট পেয়ে জয়ীও হন তিনি। কিন্তু বিধায়ক হবার পর থেকেই তাকে নিয়ে বিভিন্ন সময় সামনে আসে নানা জল্পনা। এরই মধ্যে তার এমন বিতর্কিত ফেসবুক অ্যাকাউন্ট সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়েছে গোটা দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে। বিজেপিতে যাবার পরেও কেন তৃণমূলের বিভিন্ন স্মৃতি বিজড়িত সেই ফেসবুক অ্যাকাউন্টটি রেখে দিয়েছেন তাকে ঘিরেও শুরু হয়েছে জোর চর্চা।

যদিও সত্যেন্দ্রনাথ রায় জানিয়েছেন, তাঁর ফেসবুক অ্যাকাউন্টটি অন্য একজন খুলে দিয়েছে। তবে তিনি তা রোজ দেখেন। কেন তার ফেসবুক অ্যাকাউন্টে আজও তৃণমূল রয়ে গেছে সেই প্রশ্ন করতেই তিনি বলেন, তাড়াতাড়ি সেটি মুছে ফেলবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *