আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২২ আগস্ট:
গতকাল দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আক্রান্ত হয়েছিলেন বিজেপি বিধায়ক। আজ আক্রান্তকে দেখতে গেলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাঁশকুড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বিধায়ক সুকুমার ভুঁইঞার ওপর তৃণমূল দুষ্কৃতীদের হামলার অভিযোগ ওঠে।

অভিযোগ, গতকাল বিকেলে পাঁশকুড়া গার্লস হাইস্কুলে দুয়ারে সরকার ক্যাম্প চলাকালীন স্থানীয় মানুষজনকে সহযোগিতা করার সময় তৃণমূলের স্থানীয় দুষ্কৃতীরা আচমকা বিজেপি বিধায়ক সহ সমর্থকদের ওপর হামলা চালায়। দুষ্কৃতীদের মারে গুরুতর আহত হন ১৮ নম্বর ওয়ার্ডের বিজেপি বিধায়ক সুকুমার ভুঁইঞা। আহত অবস্থায় তাঁকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাঁশকুড়া থানা অভিযোগ নিতে অস্বীকার করে বলে অভিযোগ। আজ সন্ধে ৮.৪০ টা নাগাদ আক্রান্ত বিধায়ক সুকুমার ভুঁইঞাকে দেখতে যান শুভেন্দু অধিকারী। তাঁর বাড়িতে গিয়ে তাঁকে সমবেদনা জানান। অন্যদিকে সুকুমার ভুঁইঞা শুভেন্দু অধিকারীর হাতে রাখি পরিয়ে দেন।

শুভেন্দু অধিকারী যখন সুকুমার ভুঁইঞাকে দেখে ফিরছিলেন সেই সময় তাঁর কনভয়ের ওপর আক্রমণের চেষ্টা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ বিজেপির। কিন্তু কনভয় বেড়িয়ে চলে আসে। পরে কনভয়ের পেছনে থাকা কর্মী-সমর্থকদের উপরে আক্রমণ করে তৃণমূল দুষ্কৃতীরা। এতে কয়েকজন আহত হয়েছে। তাদের মধ্যে একজনকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।


